ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বিশ্ববাজারে অস্থির সোনার দর

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: ১৭:২৮, ২২ জুন ২০২৪
বিশ্ববাজারে অস্থির সোনার দর
ফাইল ফটো

সম্প্রতি আন্তর্জাতিক বাজার ও দেশের বাজারে সোনার দামে অস্থিরতা চলছে। কখনো লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে। আবার কখনো দরপতনের ঘটনাও ঘটেছে।

এরই মধ্যে সম্প্রতি দেশের বাজারেও সোনা সর্বোচ্চ দামের রেকর্ড গড়ে। এরপর আবার কমে দাম। তবে গত এক সপ্তাহে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়নি। 

এদিকে গত সপ্তাহেও বিশ্ববাজারে সোনার দামে অস্থিরতা লক্ষ্য করা গেছে। এ সময়ে আন্তর্জাতিক বাজারে লেনদেন শুরু হওয়ার আগে প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ৩৩২ ডলার। সেখান থেকে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ১৮ জুন লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স সোনার দাম নামে ২ হাজার ৩০৭ ডলারে। এরপর কয়েক দফায় দাম বেড়ে ২১ জুন প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৩৬৮ ডলারে ওঠে।

Advertisement

তবে দিনের লেনদেনের শেষ পর্যন্ত এ দাম অব্যাহত থাকেনি। দিনের লেনদেন শেষে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৩২২ ডলারে নেমে আসে। এতে ২১ জুন বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম কমে ৩৮ দশমিক ৮৭ ডলার বা ১ দশমিক ৬৫ শতাংশ। সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম কমে ১০ ডলার বা দশমিক ৪৪ শতাংশ।

গত ১৩ ফেব্রুয়ারি প্রতি আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৯৯২ ডলার। এখান থেকে দফায় দফায় দামে বেড়ে ২০ মে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৪২৬ দশমিক ২০ ডলারে ওঠে, যা এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ। অবশ্য এই রেকর্ড দাম খুব বেশি সময় স্থায়ী হয়নি। কয়েক দফায় দাম কমে ৭ জুন প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ২৯৩ ডলারে নেমে আসে।

আন্তর্জাতিক বাজারে সোনার দামে এমন অস্থিরতা দেখা দেওয়ায় দেশের বাজারেও দাম সমন্বয়ে অস্থির হয়ে উঠে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বশেষ ১২ জুন দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। এর আগে ২৪ ও ২৫ মে এবং ৯ জুন দেশের বাজারে সোনার দাম কমানো হয়। অবশ্য তার আগে ২০, ১৯, ১২, ৮, ৬ ও ৫ মে সাত দাফায় সোনার দাম বাড়ানো হয়।

দেশের বাজারে বর্তমানে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৭৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ৯৫৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ২৬ টাকা বাড়িয়ে ১ লাখ ১১ হাজার ৬৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮৭৪ টাকা বাড়িয়ে ৯৫ হাজার ৬৯১ টাকা, আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৩৫ টাকা বাড়িয়ে ৭৯ হাজার ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!