বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে আমদানি-রফতানির পাশাপাশি প্রবাসী আয়ের গতিপ্রকৃতিও তুলে ধরা হয়েছে। এতে দেখা গেছে, দেশে আসা মোট প্রবাসী আয়ের ১ শতাংশেরও কম এসেছে সার্কভুক্ত দেশ থেকে।
.png)
ভারত, ভুটান, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তান- এই ৭ দেশ থেকে গত অর্থবছরে ১ হাজার ৩৩ কোটি ৫৯ লাখ ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ, যা এর আগের অর্থবছরের চেয়ে ৩১ শতাংশ কম। গত ২০২১-২২ অর্থবছরে আমদানি হয়েছিল ১ হাজার ৪৯৩ কোটি ডলারের পণ্য।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারত থেকেই সবচেয়ে বেশি পণ্য আমদানি করে বাংলাদেশ। গত অর্থবছরে দেশটি থেকে ৯৪৯ কোটি ডলারের পণ্য আমদানি হয়। তার আগের অর্থবছর আমদানি হয়েছিল ১ হাজার ৩৯৪ কোটি ডলারের পণ্য। দেশটি থেকে বস্ত্র খাতের কাঁচামাল, শাকসবজি, খনিজ পণ্য, গাড়ি ইত্যাদি আমদানি হয়।
ভারতের পর পাকিস্তান থেকে বেশি আমদানি করে বাংলাদেশ। গত অর্থবছরে দেশটি থেকে ৭০ কোটি ডলারের পণ্য আমদানি হয়। মূলত তৈরি পোশাক ও বস্ত্র খাতের কাঁচামাল, খনিজ পণ্য, কাঁচা চামড়া ইত্যাদি আমদানি হয় দেশটি থেকে। এছাড়া একই বছরে শ্রীলংকা থেকে ৮ কোটি ৮৭ লাখ, আফগানিস্তান থেকে ১ কোটি ২৮ লাখ এবং ভুটান থেকে ৩ কোটি ৬৬ লাখ ডলারের পণ্য আমদানি হয়। মালদ্বীপ ও নেপাল থেকে পণ্য আমদানি খুবই নগণ্য।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত অর্থবছরে সার্কভুক্ত দেশগুলোয় বাংলাদেশ ১৯২ কোটি ডলারের পণ্য রফতানি করে। তার আগের অর্থবছর রফতানি করেছিল ১৯৩ কোটি ডলারের পণ্য। তার মানে গত অর্থবছরে রফতানি কমেছে দশমিক ৯১ শতাংশ।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারত থেকে যেমন আমদানি বেশি হয়, তেমনি রফতানিও বেশি হয় বাংলাদেশের। গত অর্থবছরে দেশটিতে ১৭১ কোটি ডলারের পণ্য রফতানি হয়। এছাড়া পাকিস্তানে ৮ কোটি ২৮ লাখ, শ্রীলংকায় ৫ কোটি ৭৩ লাখ এবং নেপালে ৪ কোটি ডলারের পণ্য রফতানি হয়। আফগানিস্তান, ভুটান ও মালদ্বীপে রফতানিও খুবই নগণ্য।
এদিকে গত ২০২২-২৩ অর্থবছরে দেশে ২ হাজার ১৬১ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। তার মধ্যে সার্কভুক্ত দেশগুলো থেকে এসেছে মাত্র ৪ কোটি ৪৯ লাখ ডলার।
গত অর্থবছরে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মালদ্বীপ থেকে ২ কোটি ৯০ লাখ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে, যা আগের ২০২১-২২ অর্থবছরের চেয়ে ৭৪ লাখ ডলার বেশি। একই অর্থবছরে ভারত থেকে ১ কোটি ৮১ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। আফগানিস্তান, ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা থেকে খুবই কম প্রবাসী আয় আসে।