ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

আর্থিক প্রতিষ্ঠানের এমডির যোগ্যতা জানাল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২২, ২৬ মার্চ ২০২৪
আর্থিক প্রতিষ্ঠানের এমডির যোগ্যতা জানাল বাংলাদেশ ব্যাংক
ফাইল ফটো

ব্যাংকের পর এবার ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নীতিমালা প্রকাশ করা হয়েছে।

এতে প্রধান নির্বাহী বা এমডি নিয়োগ পেতে হলে ব্যক্তির শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকতে পারবে না। এর পাশাপাশি আরও নতুন অনেক শর্ত দেওয়া হয়েছে।

এর আগে ব্যাংকগুলোর এমডির যোগ্যতার বিভিন্ন মানদণ্ড এবং সুবিধা-শর্তাবলি ঠিক করে গত ফেব্রুয়ারির শেষ দিকে নতুন নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ঐ নীতিমালায় বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা বিভাগের সর্বোচ্চ পদ ব্যবস্থাপনা পরিচালক হতে ২০ বছরের অভিজ্ঞতা ও ন্যূনতম বয়স ৪৫ বছর নির্ধারণসহ একগুচ্ছ শর্ত দেওয়া হয়েছে। 

Advertisement

এবার আর্থিক প্রতিষ্ঠানের এমডি নিয়োগের নতুন নীতিমালায় বলা হয়েছে, ফাইন্যান্স কোম্পানিসমূহে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে একজন উপযুক্ত, পেশাগতভাবে দক্ষ ও অভিজ্ঞ ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ হওয়া আবশ্যক। এ প্রেক্ষিতে, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ১৫(৮), ১৮ ও ১৯ ধারা এবং সংশ্লিষ্ট অন্যান্য ধারার বিধানাবলী অনুসরণে ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা এর নিয়োগ এবং তার দায়- দায়িত্ব, কর্তব্য ও ক্ষমতা বিষয়ে এ নীতিমালা জারি করা হলো।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, এমডি নিয়োগ পেতে হলে ব্যক্তি কোনো ফৌজদারী আদালত কর্তৃক দণ্ডিত নন কিংবা জাল-জালিয়াতি, আর্থিক অপরাধ বা অন্যবিধ অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না বা জড়িত নন, তার সম্পর্কে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলায় আদালতের রায়ে কোনো বিরূপ পর্যবেক্ষণ বা মন্তব্য নেই, তিনি এমন কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গে যুক্ত ছিলেন না যার নিবন্ধন অথবা লাইসেন্স বাতিল করা হয়েছে অথবা কোম্পানি বা প্রতিষ্ঠানটি অবসায়িত হয়েছে।

প্রধান নির্বাহী কর্মকর্তা বা এমডির নিয়োগের মেয়াদ হবে সাধারণভাবে তিন বছর, তবে তিনি পুনঃনিয়োগের যোগ্য হবেন। পুনঃনিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স যদি ৬৫ বছর অতিক্রান্ত হতে তিন বছরের কম কিন্তু অন্যূন এক বছর সময় থাকে, তবে সেক্ষেত্রে এ সময়ের জন্যও তাকে নিয়োগ দেওয়া যাবে। 

তবে যে মেয়াদের জন্যই প্রস্তাব করা হোক না কেন বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণের পর তার উপযুক্ততা পরীক্ষান্তে যে মেয়াদের জন্য নিয়োগ সুপারিশ করা হবে। সে মেয়াদের জন্য তাকে ফাইন্যান্স কোম্পানি নিয়োগ প্রদান করবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!