বাণিজ্যমেলায় প্রবেশ করলেই চোখে পড়বে ইরানি প্যাভিলিয়ন। সেখানে পাওয়া যাচ্ছে ইরানি বাহারি অলংকার আর বৈচিত্রময় ইরানি স্টোনের সমাহার। সেখানে নারী ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা শাড়ি কিংবা পছন্দের জামার সঙ্গে মিলিয়ে হরেক রকমের গহনা কিনছেন। আবার কিছু ক্রেতা দাম জানতে এসেছেন।
ইরানি প্যাভিলিয়নে রিয়াজ কবির নামের একজন দোকান মালিক বলেন, এখানে হরেক রকম পাথর, মুক্তা ও স্টোন বিক্রি করা হয়। চাইলে পাথরযুক্ত করে গহনা বানানো যায়। অনেকেই পাথর পছন্দ করেন। পরে সেই পাথর ম্যাচিং করে গহনা অর্ডার করেন। কলো, নীল ও লাল রঙের স্টোনের চাহিদাই ক্রেতাদের বেশি।
.png)
অপর একজন বিক্রেতা বলেন, ইরানি প্যাভিলিয়নে সবারই পণ্য পাওয়া যায়। তবে পুরুষের চেয়ে নারীর ভিড়ই বেশি থাকে। সাধারণত সন্ধ্যার পরই ক্রেতাদের ভিড় বাড়ে।
উত্তরা থেকে আসা লুবনা শারমিন নামের একজন ক্রেতা জানান, এখান থেকে পছন্দের স্টোন কিনেছি। এগুলো দিয়ে নথ, কানের দুল ও আংটি অর্ডার করেছি। তবে ম্যাচিং স্টোনের দাম কিছুটা কম। এই স্টোনগুলো দেশের বাজারেও পাওয়া যায়। তবে দাম একটু বেশি।
অপর একজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ইরানি এসব স্টলে বেশ সাশ্রয়ী দামে পণ্য পাওয়া যায়। এছাড়া বাহারি ডিজাইনও পাওয়া যায়। এসব কারণে ক্রেতাদের ভিড় সবসময় লেগে থাকে।
এদিকে খিলগাঁও থেকে পরিবার নিয়ে মেলায় এসেছেন আমিনুল ইসলাম নামে এক চাকরিজীবী। তিনি জানান, মেলা শুরু হওয়ার আগে থেকেই ইচ্ছে ছিল পরিবার নিয়ে মেলায় আসার। কিন্তু নানা ব্যস্ততার কারণে এতদিন আসা হয়নি। আজ সুযোগ হলো, তাই আসলাম।
আনিকা ইসলাম নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, বন্ধুবান্ধব নিয়ে মেলায় ঘুরতে এসেছি। এখন পর্যন্ত তেমন কিছু কেনা হয়নি। অফারে কোনো মোবাইল পেলে কিনবো ভাবছি। বাণিজ্যমেলায় পরিবারে নিয়ে পরে আবারো আসবো।
এবারের বাণিজ্যমেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, হংকং, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ অংশ নিয়েছে। মেলায় এসব দেশের বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিকস অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহসামগ্রী, চামড়া/আর্টিফিসিয়াল চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারি ওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর ইত্যাদি পণ্য প্রদর্শিত হচ্ছে।