এদিন সরকারি ছুটির দিন হওয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। দুপুর পর থেকে দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেলায় যতই দিন গড়াচ্ছে বেচাবিক্রি একটু একটু করে বাড়ছে। এবার ক্রেতা টানতে মেলার শুরু থেকেই স্টলগুলোয় দেওয়া হয়েছে ছাড় ও অফার।
.png)
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার গেটে ঢুকেই কেউ ছবি তুলছেন, কেউবা ভিডিও কলের মাধ্যমে স্বজনদের দেখাচ্ছেন মেলার দৃশ্য। অনেকেই পরিবার নিয়ে এসেছেন, কেউ এসেছেন বন্ধু নিয়ে ঘুরতে। কেউ কেউ আবার কেনাকাটাও করছেন।
উত্তরা থেকে পরিবার নিয়ে বাণিজ্য মেলায় এসেছেন সরকারি চাকরিজীবী আশরাফুল ইসলাম। তিনি বলেন, ছুটির দিন হওয়ায় মেলায় ঘুরতে এসেছি। কদিন পর মেলায় ভিড় বেড়ে যাবে, তাই আগেভাগেই আসলাম। ছুটির দিন হওয়ায় একটু ভিড় লেগেছে।
অন্যদিকে মেলায় ক্রেতা টানতে নানা ধরনের ছাড় ও অফার নিয়ে হাজির হয়েছে স্টল-প্যাভিলিয়ন। খাদ্য পণ্যের পাশাপাশি পোশাক ও ক্রোকারিজ আইটেমে রয়েছে ছাড়।
এ বছর সব মিলিয়ে ৩৫০টি স্টল অংশ নেবে। দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি সিঙ্গাপুর, তুরস্ক, হংকং, ইরান, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে অংশ নেয়া ব্যবসায়ীরা মেলায় নিজেদের পণ্য বিক্রি করবেন।