ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

শীতকে উপেক্ষা করে বাণিজ্য মেলায় আসছেন দর্শনার্থীরা

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৯, ২২ জানুয়ারি ২০২৪
শীতকে উপেক্ষা করে বাণিজ্য মেলায় আসছেন দর্শনার্থীরা
শীতকে উপেক্ষা করে বাণিজ্য মেলায় আসছেন দর্শনার্থীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

কনকনে শীতে সারাদেশে জবুথবু অবস্থা। ব্যতিক্রম নয় রাজধানী ঢাকাতেও। তবে এই শীতকে উপেক্ষা করে ঢাকার অদূরে পূর্বাচলে বাণিজ্য মেলায় আসছেন দর্শনার্থীরা।

বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিভিশন সেন্টারে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সোমবার সরেজমিন এ চিত্র দেখা গেছে।

মেলার দ্বিতীয় দিনে দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেলায় কেউবা আসছেন দেখতে, কেউবা পরিবারসমেত আসছেন কেনাকাটা করতে।

Advertisement

কথা হয় মেলায় আগত দর্শনার্থী সায়েম ইসলামের সঙ্গে। তিনি বলেন, ইচ্ছা ছিল প্রথম দিনই মেলায় আসার। তবে কাজ থাকায় আসা হয়নি। তাই আজ চলে এলাম। ভালোই লাগছে।

পরিবার নিয়ে উত্তরা থেকে এসেছেন ব্যবসায়ী মাহফুজুর রহমান। তিনি বলেন, আজ সকাল থেকেই ভালো শীত। তবে ভাবলাম এ শীতের মধ্যেই ঘুরে আসি। 

কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, পুরোদমে মেলা শুরু হলে ক্রেতার পরিমাণ আরো বাড়বে। শীতের পরিমাণ একটু বেশি। তাই ক্রেতারা সেভাবে আসছে না। আশা করছি সামনে ক্রেতার সমাগম বাড়বে।

এবারের বাণিজ্য মেলায় বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন ও স্টলের সংখ্যা ৩৫১টি। এছাড়া দুই হলে ১৭৪টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে রয়েছে রেস্তোরাঁ, মসজিদ, ব্যাংক, এটিএম বুথ, শিশুপার্ক, মা ও শিশু কেন্দ্র।

প্রতি বছর ১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হলেও এবার নির্বাচনের কারণে পিছিয়ে যায় মেলা। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি যৌথভাবে এ মেলার আয়োজন করে। ২০২২ সাল থেকে পূর্বাচলে স্থায়ী কেন্দ্র বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিভিশন সেন্টারে বাণিজ্য মেলা আয়োজন করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!