ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ঢাকা চেম্বারের নতুন সভাপতি আশরাফ আহমেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৯, ১৯ ডিসেম্বর ২০২৩
ঢাকা চেম্বারের নতুন সভাপতি আশরাফ আহমেদ
ডিসিসিআই'র নতুন সভাপতি আশরাফ আহমেদ। ফাইল ফটো

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশরাফ আহমেদ। তিনি ২০২৪ সালের জন্য সংগঠনটির নেতৃত্ব দেবেন।

এছাড়া ডিসিসিআইয়ের নতুন ঊর্ধ্বতন সহ-সভাপতি হয়েছেন তালহা ইসমাইল বারী এবং সহ-সভাপতি হয়েছেন মো.জুনায়েদ ইবনে আলী।

মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংগঠনটির ৬২তম বার্ষিক সাধারণ সভায় আশরাফ আহমেদকে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে দায়িত্বভার প্রদান করা হয়। 

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিসিসিআইয়ের নবনির্বাচিত অন্যান্য পরিচালকরা হলেন মো. সালিম সোলায়মান, মো. সিয়াম আল-দ্বীন মালিক, মোহাম্মদ সাইফুর রহমান সাইফ, নাইমুর রহমান এবং সাইফ উদ্দৌলাহ্।   

ঢাকা চেম্বারের নবনির্বাচিত সভাপতি আশরাফ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) হতে স্নাতক ডিগ্রী লাভ করেন। দেশের আর্থিক সেবা খাতে তার সুদীর্ঘ ও বহুমাত্রিক কর্মঅভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত মার্চেন্ট ব্যাংক রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।

আশরাফ আহমেদ শিক্ষাজীবন শেষে একজন প্রশিক্ষিত ব্যাংকার হিসেবে কর্মজীবন শুরুর পর বাংলাদেশে পরিচালিত বেশ কয়েকটি বহুজাতিক ব্যাংক যেমন এএনজেড গ্রিন্ডলেজ, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক এবং এইচএসবিসির গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন এবং পরবর্তীতে এ খাতের ব্যবসায় নিয়োজিত হন। 

বৃহৎ প্রকল্প অর্থায়ন, পুঁজিবাজার, মার্জার এবং এ্যাকুইজিশনসহ এই খাতের বিভিন্ন শাখায় রয়েছে তার অগাধ পারদর্শিতা। ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং, অর্থায়ন এবং অর্থনীতির নানাবিধ খাতে তিন দশকের অভিজ্ঞতার আলোকে তিনি নিরন্তর কাজ করে যাচ্ছেন।

নবনির্বাচিত সভাপতি আশরাফ আহমেদ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ঢাকা চেম্বার এবং ঢাকা ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মরহুম নূরউদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ব্যবসা
লিংক সফলভাবে কপি হয়েছে!