ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

আইএমএফের ৬৯ কোটি ডলার ঋণ রিজার্ভে যোগ হবে শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৭, ১৩ ডিসেম্বর ২০২৩
আইএমএফের ৬৯ কোটি ডলার ঋণ রিজার্ভে যোগ হবে শুক্রবার
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী প‌রিচালক মুখপাত্র মো. মেজবাউল হক

বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের প্রস্তাব আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকাল ৯টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংস্থাটির প্রধান কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠকে দ্বিতীয় কিস্তিতে প্রায় ৬৯ কোটি ডলার অর্থ ছাড়ের বিষয়টির অনুমোদন দেওয়া হয়। এই অর্থ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যুক্ত হবে আগামী শুক্রবার। 

বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করেন। 

ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব অনুমোদন পাওয়ার পর ৬৮ কোটি ৯৮ লাখ ডলার দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভে যোগ হবে শুক্রবার। 

Advertisement

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে গতকাল মঙ্গলার। শুক্রবারের মধ্যে আমাদের অ্যাকাউন্টে (হিসাব) সে অর্থ যোগ হবে।

গতকালের বৈঠকের পর আইএমএফ এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশকে বর্ধিত ঋণসহায়তা (ইসিএফ), বর্ধিত তহবিল সহায়তা (ইএফএফ) ও রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) — এ তিনটি ভাগে ঋণ দিচ্ছে। এবার ইসিএফ বা ইএফএফের আওতায় ৪৬ কোটি ৮৩ লাখ ডলার এবং আরএসএফের আওতায় ২২ কোটি ১৫ লাখ ডলার ঋণ ছাড়ের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক এই দাতা সংস্থাটি। সব মিলিয়ে ৬৮ কোটি ৯৮ লাখ ডলার ঋণ ছাড় করেছে আইএমএফ। 

এর আগে, ২০২২ সালের জুলাইয়ে আইএমএফের কাছে ঋণের আবেদন করে বাংলাদেশ। ছয় মাস পর সংস্থাটি গত ৩০ জানুয়ারি ৪৭০ কোটি ডলার ঋণ দেবে বলে সিদ্ধান্ত নেয়। বলা হয়, ২০২৬ সাল পর্যন্ত সাড়ে তিন বছরে মোট সাত কিস্তিতে পাওয়া যাবে এ অর্থ। আইএমএফের নির্বাহী পরিষদ ঋণপ্রস্তাব অনুমোদন করার দুই দিন পর গত ২ ফেব্রুয়ারি প্রথম কিস্তির অর্থ ৪৭ কোটি ৬৩ লাখ ডলার পায় বাংলাদেশ।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!