ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

পোশাক কারখানা এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরেছে : বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৭, ১৪ নভেম্বর ২০২৩
পোশাক কারখানা এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরেছে : বিজিএমইএ
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা, আশুলিয়া, গাজীপুর, সাভারসহ পোশাক শিল্প অধ্যুষিত সব এলাকায় বর্তমানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছে রফতানিমুখী পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এমতাবস্থায় আশুলিয়ার সব বন্ধ কারখানা বুধবার খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। একইসঙ্গে কারখানাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছে তারা।

মঙ্গলবার সন্ধ্যায় পোশাক শিল্পের বর্তমান শ্রম পরিস্থিতি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজিএমইএ  জানায়, পোশাক কারখানাগুলোতে এখন পুরোদমে উৎপাদন কার্যক্রম চলছে। আজ কোনো কারখানায় শ্রম অসেন্তোষের ঘটনা ঘটেনি।

সংগঠনটি আরো জানায়, তাদের আহ্বানে সাড়া দিয়ে আশুলিয়া এলাকার সব বন্ধ পোশাক কারখানার শ্রমিকরা কাজে ফিরতে আগ্রহী। শ্রমিকরাও মালিকদের আশ্বস্ত করেছে, কারখানাগুলো খুলে দেওয়া হলে তারা কারখানায় সুষ্ঠুভাবে কাজ করবে। এর পরিপ্রেক্ষিতে আগামীকাল সব কারখানা খুলে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি সরকার পোশাক শ্রমিকদের জন্য ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম নতুন মজুরি ঘোষণা করে। শ্রমিকরা মজুরি আরো বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছে। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে এরই মধ্যে বেশকিছু কারখানায় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে আশুলিয়া, মিরপুরসহ আরো কিছু জায়গায় একাধিক পোশাক কারখানা বন্ধ করে দেওয়া হয়।

বিজিএমইএ এর আহ্বানে সাড়া দিয়ে শ্রমিকরা কাজে ফেরার আগ্রহ প্রকাশ করলে কাশিমপুর ও কোনাবাড়ি এলাকার ৩টি পোশাক কারখানা এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে। ফলে বর্তমানে কাশিমপুর ও কোনাবাড়ি এলাকার সকল কারখানায় স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলছে বলে জানায়  বিজিএমইএ।

সংগঠনটি জানায়, ঢাকায় মিরপুরের কিছু পোশাক কারখানা বন্ধ আছে। এই কারখানাগুলোতে আলোচনা চলছে। শ্রমিকরা যদি কাজ করতে চায়, তাহলে কারখানাগুলো খুলে দেওয়া হবে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: বিজিএমইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!