ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

রেমিট্যান্সের পালে নতুন হাওয়া: নভেম্বরের ১০ দিনে এলো ৭৯ কোটি ডলার

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২০, ১২ নভেম্বর ২০২৩
রেমিট্যান্সের পালে নতুন হাওয়া: নভেম্বরের ১০ দিনে এলো ৭৯ কোটি ডলার
ফাইল ফটো

প্রণোদনার পরিমাণ দ্বিগুণ হওয়ায় বাড়ছে বৈধ পথে রেমিট্যান্স আসার হার। চলতি অর্থবছরের (২০২৩-২৪) সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৩৪ কোটি মার্কিন ডলার। এরপর অক্টোবরে রেমিট্যান্স ৬৪ কোটি ডলার বেড়ে দাঁড়িয়েছে ১৯৮ কোটিতে। এরই ধারাবাহিকতায় নভেম্বর মাসের প্রথম ১০ দিনেই রেমিট্যান্স এসেছে ৭৯ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়াবে ২৩০-২৪০ কোটি ডলারে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি রেমিট্যান্সে দ্বিগুণ প্রণোদনা দিচ্ছে ব্যাংকগুলো। ২ দশমিক ৫ শতাংশের প্রণোদনা এখন দাঁড়িয়েছে ৫ শতাংশে। এতে রেমিট্যান্সে প্রতি ডলারের দাম হয়েছে ১১৫ টাকা। সার্বিক দিক বিবেচনায় প্রবাসী বাংলাদেশিরাও এখন অবৈধ পথ এড়িয়ে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাচ্ছেন।

Advertisement

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, নভেম্বর মাসের প্রথম ১০ দিনে প্রতিদিন গড়ে আসছে প্রায় ৮ কোটি (৭ দশমিক ৯৪ কোটি) ডলার। রেমিট্যান্সের এ প্রবাহ অব্যাহত থাকলে মাস শেষে তা রেকর্ড ২৩০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। সবশেষ গত আগস্টে একক কোনো মাসে ২ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল রেমিট্যান্স।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, চলতি মাসের প্রথম ১০ দিনে রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৯২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলারম বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৭২ কোটি ৩২ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

২০২০ সালে ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল। এছাড়া বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা ২ হাজার ১৬১ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। কোনো একটি অর্থবছরে যা এ যাবৎকালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে, ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ ২ হাজার ৪৭৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!