অন্যদিকে চিনি আমদানিতে সরকার শুল্ক কমিয়ে অর্ধেকে নামালেও আগের দরেই বিক্রি হচ্ছে পণ্যটি। এছাড়া বাজারে পেঁয়াজের দাম আগেই মতোই রয়েছে।
শুক্রবার রাজধানীর আজমপুর কাঁচাবাজার, এয়ারপোর্টের মুক্তিযোদ্ধা মার্কেট, মিরপুর ১০ নম্বর বাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
.png)
এসব বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় কয়েকটি সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। এর মধ্যে পটল, ঢেঁড়স, বরবটির দাম কেজিপ্রতি ২০ টাকা কমে ৬০ থেকে ৭০ টাকায় নেমেছে। এছাড়া বাজারে প্রতি কেজি বেগুন, বরবটি, ঝিঙা, চিচিঙ্গা, উস্তা ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা একশো টাকা পর্যন্ত উঠেছিল।
এদিকে বৃহস্পতিবার আলুর আমদানি শুরু হয়েছে। সেদিন সন্ধ্যায় হিলি স্থলবন্দর দিয়ে ৭০ টন আলু দেশের বাজারে প্রবেশ করেছে। বাজারে খুচরা পর্যায়ে আলুর প্রতিকেজি ৫০-৫৫ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের চেয়ে কম। আর বাজারে আগাম নতুন আলু ১২০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
গত বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চিনি আমদানিতে শুল্ক কমিয়ে অর্ধেকে করেছে। বাজারে বর্তমানে খোলা চিনি ১৩৫ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে পাইকারি পর্যায়ে প্যাকেট চিনির কেজিতে দুই টাকা বেড়েছে।
বাজারে পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা দরে। এছাড়া সোনালির কেজি ৩২০ টাকা, সোনালি হাইব্রিড ৩০০ টাকা, দেশি মুরগি ৫০০ থেকে ৫২০ টাকা কেজি এবং লেয়ার ৩৪০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। গত সপ্তাহেও একই দামে বিক্রি হয়েছে বলে জানান মুরগি বিক্রেতা মিলন।
বাজারে লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়, হাঁসের ডিম ২২০ টাকায়। আর দেশি মুরগির ডিমের হালি ৮০ টাকা। গরুর মাংস কেজিপ্রতি ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস কেজিপ্রতি এক হাজার ৫০ থেকে এক হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
চাষের শিং মাছের কেজি (আকারভেদে) ৪০০ থেকে ৬০০ টাকা। প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৪০০ থেকে ৬০০ টাকা, মাগুর ৮০০ থেকে এক হাজার টাকা, মৃগেল ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি পাঙাশ ২০০ থেকে ২৫০ টাকা, চিংড়ি ৮০০ থেকে এক হাজার টাকা, বোয়াল প্রতি কেজি ৬০০ থেকে এক হাজার ২০০ টাকা, কাতলা ৪০০ থেকে ৮০০ টাকা, পোয়া ৪০০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, কই ২৪০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।