গতকাল বুধবার মার্কিন সাময়িকী ‘ফোর্বস’ সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর এ তালিকা প্রকাশ করেছে।
ফোর্বসের তথ্য অনুযায়ী, গতকাল তালিকা প্রকাশ পর্যন্ত আজিজ খানের মোট সম্পদের পরিমাণ ছিল ১১২ কোটি ডলার।
.png)
আজ এ প্রতিবেদন লেখার সময় অবশ্য তাঁর সম্পদের পরিমাণ কিছুটা কমেছে। ‘ফোর্বস’ সাময়িকীর তথ্যানুসারে, আজ আজিজ খানের সম্পদের পরিমাণ ১১০ কোটি ডলার, অর্থাৎ দুই কোটি ডলার কমেছে।
২০১৮ সালে ফোর্বসের সিঙ্গাপুর লিস্টে প্রথমবারের মতো জায়গা পান আজিজ খান। তখন তার মোট সম্পদের পরিমাণ ছিল ৯১০ মিলিয়ন ডলার। ২০১৯ সালে সাময়িকভাবে সম্পদ কমে যাওয়ার পর, ২০২০ সালে ৯৫৫ মিলিয়ন ডলার ও ২০২১ সালে ৯৯০ মিলিয়ন ডলারের মালিক হন তিনি।
২০২২ সালের সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় আজিজ খানের অবস্থান ছিল ৪২ নম্বরে। সেবার তার সম্পদের পরিমাণ দেখানো হয় ১০০ কোটি মার্কিন ডলার।
আজিজ খান বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি বহুমুখী ব্যবসায়িক সংস্থা সামিট গ্রুপের চেয়ারম্যান। সংস্থাটির বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস, রিয়াল স্টেট ইত্যাদি খাতে ২০টির বেশি ব্যবসায় রয়েছে।