ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হৃদ্‌রোগে আক্রান্ত ৫ মাসের আব্রাহাম, চিকিৎসায় প্রয়োজন ২ লাখ টাকা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৩, ২৩ অক্টোবর ২০২৬
হৃদ্‌রোগে আক্রান্ত ৫ মাসের আব্রাহাম, চিকিৎসায় প্রয়োজন ২ লাখ টাকা
চিকিৎসাধীন শিশু আব্রাহাম। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের রাজমিস্ত্রি আব্দুল হালিমের পাঁচ মাস বয়সী সন্তান আব্রাহাম রহমান জন্মগত হৃদ্‌রোগে আক্রান্ত। শিশুটির হৃদ্‌যন্ত্রে ছিদ্র থাকায় অস্ত্রোপচার প্রয়োজন। এ জন্য দরকার দুই লাখ টাকা। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে সন্তানের চিকিৎসার খরচ জোগাড় করতে পারছেন না হালিম। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে শিশুটি।

পারিবারিক সূত্রে জানা গেছে, আব্রাহাম রহমান ঢাকার উত্তরা ১২ ও ১৩ নম্বর সেক্টরের রেডিকেল হাসপাতালের তৃতীয় তলায় আইসিইউর ৩ নম্বর শয্যায় ভর্তি রয়েছে। সন্তানের অসুস্থতা ও চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের সদস্যদের। রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করা হালিমের পক্ষে একসঙ্গে এত টাকা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না।

আব্দুল হালিম বলেন, “রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাই। সন্তানের চিকিৎসার জন্য দুই লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা জোগাড় করার সামর্থ্য আমার নেই। একজন বাবা হিসেবে সন্তানকে সুস্থ দেখতে চাই। সমাজের সামর্থ্যবান ও হৃদয়বান মানুষের কাছে আকুল আবেদন, আপনারা আমার সন্তানের চিকিৎসার জন্য সহযোগিতা করুন।”

শিশুটির মামা সজীব মন্ডল বলেন, হালিম আর্থিকভাবে অসচ্ছল। অর্থের অভাবে সন্তানের চিকিৎসা করানো কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় শিশুটিকে সুস্থ করে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে তার চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।

প্রতিবেশী সুমন বলেন, শুধু অর্থের অভাবে যেন একটি শিশুর চিকিৎসা বন্ধ হয়ে না যায়। হালিমের পরিবারের এই কঠিন সময়ে যার যতটুকু সামর্থ্য আছে, তা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন। শিশুটি সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসুক, এটাই তাদের প্রত্যাশা।

এদিকে সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও বিভিন্ন মানবিক সংগঠনের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে পরিবারটি। সবার সহযোগিতা পেলে আব্রাহামের অস্ত্রোপচার ও চিকিৎসা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন স্বজনেরা।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!