ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:২৬, ২২ অক্টোবর ২০২৬
ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের আরও তিন যাত্রী। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয় যানজট।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শিবালয় উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকার ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঘিওর উপজেলার মৌহালী এলাকার মোহাম্মদ সাহানের ছেলে ইয়াসিন আরাফাত (২২) এবং একই এলাকার ইজিবাইকচালক মোজাহারের ছেলে বাবুল মিয়া (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌহালী এলাকা থেকে যাত্রী নিয়ে ইজিবাইকটি বরঙ্গাইল হাটে যাচ্ছিল। পথে বরঙ্গাইল বাসস্ট্যান্ডের ইউটার্ন ঘোরার সময় ঢাকাগামী সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইয়াসিন আরাফাতের মৃত্যু হয়। গুরুতর আহত ইজিবাইকচালক বাবুল মিয়াকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত তিন যাত্রীর মধ্যে একজন নারী রয়েছেন। তাদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইক উদ্ধার করা হয়েছে। তবে বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মানিকগঞ্জ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!