প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত চট্টগ্রাম
শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এজন্য নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে জে এম সেন হল পূজামণ্ডপ রেডিসন ব্লুর আশেপাশের এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।
আজ ২০ অক্টোবর, মঙ্গলবার সন্ধায় নগরের ঐতিহ্যবাহী রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় এবং আর্থিক অনুদান বিতরণ করবেন।
স্বাধীনতার পর এই প্রথম কোনো ক্ষমতাসীন সরকারপ্রধান ঢাকার বাইরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে মঙ্গলবার সকালে ও দুপুরে তিনি যথাক্রমে রংপুর ও রাজশাহী বিভাগের পূজামণ্ডপ পরিদর্শন করেন। চট্টগ্রামে পৌঁছে জে এম সেন হল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সার্কিট হাউজে স্বল্প সময়ের যাত্রাবিরতি এবং পরে রেডিসন ব্লু হোটেলে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। অন্যদিকে বিরোধীদলীয় নেতা জিইসি কনভেনশন সেন্টারে একটি সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন। উভয় কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এ সফরের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থান ও সৌহার্দ্যের বার্তা আরও জোরালো হবে।