পাহাড়ি জনপদের যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নে সরকার কাজ করে যাচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিংপ্রু জেরী বলেছেন, পাহাড়ি জনপদের মানুষের জীবনমান উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান সদর উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় ১ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে দুটি উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
উদ্বোধন করা কাজগুলোর মধ্যে রয়েছে ১ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার ত্রুাউ আমতলী পাড়া ব্রিজ ও রাস্তা নির্মাণ। ৪৭ লাখ টাকা ব্যয়ে ডলুপাড়ায় আরসিসি সড়ক নির্মাণ।
.png)
মন্ত্রী বলেন, দুর্গম এলাকার মানুষের যাতায়াত সহজ করতে সড়ক, ব্রিজ, কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং কৃষি, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা-চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের সুযোগ-সুবিধা বাড়বে।
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার পার্বত্য এলাকার মানুষের সার্বিক উন্নয়নে অত্যন্ত আন্তরিক। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ অবকাঠামোসহ প্রতিটি ক্ষেত্রের অগ্রগতি প্রধানমন্ত্রীর সরাসরি নজরদারিতে রয়েছে। পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ সালেম, নির্বাহী প্রকৌশলী আবু বীন মো. ইয়াছির আরাফাত এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মং প্রু মারমাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা।
এর আগে সকালে বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজিত এক শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী।