ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন অক্টোবরে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৮, ২৪ আগস্ট ২০২৬
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন অক্টোবরে
ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‌আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করবে।

সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে দেশের বিমান ও পর্যটন খাত নিয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যরা সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের কাজ এগিয়ে চলছে। দেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য কক্সবাজার থেকে ফ্লাইট পরিচালনার বিষয়ে ইতোমধ্যে কয়েকটি বিদেশি এয়ারলাইন্স আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন, আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরে টার্মিনালটি চালু করার লক্ষ্যে সরকার প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।

তিনি বলেন, ডিসেম্বরে টার্মিনালটি চালুর লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।

বিমান মন্ত্রী মিল্লাত জানান, তৃতীয় টার্মিনাল নির্মাণ ও পরিচালনার বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামী মাসে চুক্তি স্বাক্ষর করা হবে।

টার্মিনালটি চালু হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা আরও বাড়বে এবং যাত্রীসেবার মান উন্নত হবে। ফলে দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বারে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।

ডেইলি-বাংলাদেশ/কে কে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!