ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে চোরাই সরকারি ওষুধসহ একজন গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৪, ২৫ জুলাই ২০২৬
রংপুরে চোরাই সরকারি ওষুধসহ একজন গ্রেপ্তার
ছবি: ডেইলি বাংলাদেশ

সরকারি হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দ ওষুধ চোরাইপথে বাইরে বিক্রির অভিযোগে রংপুর নগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চোরাই সরকারি ওষুধের মজুদ ও বিক্রির সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার হওয়া ওষুধ কীভাবে সরকারি গুদাম বা হাসপাতাল থেকে বাইরে এল এবং এ চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রংপুর নগরীর ধাপ মেডিকেল মোড় এলাকার বাদল ফার্মেসিতে অভিযান চালায় রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। অভিযানে চোরাই ১৬ পিস সরকারি ভ্যাকসিটেড-আইজি ওষুধ উদ্ধার করা হয় এবং একজনকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

গ্রেপ্তার অমল চন্দ্র রায় (৪৩) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ছোট চণ্ডীপুর গ্রামের মৃত বিমল চন্দ্র রায়ের ছেলে। বর্তমানে তিনি রংপুর মহানগরীর কোতোয়ালি থানার সাগরপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী শনিবার দুপুরে জানান, রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় দায়ের করা একটি চুরির মামলার রিমান্ডপ্রাপ্ত আসামিকে নিয়ে তদন্তের অংশ হিসেবে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে বাদল ফার্মেসি থেকে সরকারি ১৬ পিস ভ্যাকসিটেড-আইজি ওষুধ উদ্ধার এবং অমল চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ওষুধগুলো সরকারি হওয়ায় সেগুলো কীভাবে হাসপাতাল বা সরকারি সরবরাহ ব্যবস্থা থেকে বাইরে এসে বিক্রির জন্য মজুদ করা হয়েছিল, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে এ ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!