মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব শিলমন্দি এলাকায় টাকা লেনদেনের জেরে আরিফ বেপারী নামে এক কসাইকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। আজ রবিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে নিহতের বাড়ির পাশের একটি পরিত্যক্ত জমি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিবারের দাবি, স্থানীয় আরেক কসাই নূর হোসেনের সঙ্গে টাকা লেনদেন নিয়ে আরিফের ভাই আকাশের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বৈরিতার জেরে সম্প্রতি থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় গত শনিবার (১৩ জুন) সকালে মুন্সিরহাট বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, রবিবার ভোরে আকাশকে না পেয়ে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তাঁর ভাই আরিফকে হত্যা করেছে।
.png)
পুলিশ জানায়, নিহত আরিফের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে কোমর ও নিতম্বে একাধিক মারাত্মক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, "আরিফকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যেই অভিযান শুরু করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"