ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু 

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৫, ৬ মার্চ ২০২৬
গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু 
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে রমিজ উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার (৬ মার্চ) ভোররাতে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে এ ঘটনা ঘটে। নিহত রমিজ উদ্দিন (৪০) উপজেলার চর আলগী গ্রামের হজরত আলী মুন্সির ছেলে বলে জানা গেছে।

জানা যায়, ভোররাতে একটি গরু নিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে যান রমিজ। এ সময় নদীর তীর বাঁধাইয়ের জন্য ব্লক তৈরির কাজে নিয়োজিত শ্রমিকরা তাকে গরু চোর সন্দেহে আটক করেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং তাকে মারধর করতে থাকেন। একপর্যায়ে গণপিটুনিতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

Advertisement

চরফরাদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম জানান, গরু চুরির সন্দেহে এলাকাবাসী তাকে আটক করে মারধর করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা গরুটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গরুর মালিকের পরিচয় জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!