ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে এলপিজি পাম্পে ভয়াবহ আগুন, দগ্ধ ১০

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কক্সবাজারে এলপিজি পাম্পে ভয়াবহ আগুন, দগ্ধ ১০
ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরের কলাতলীতে ‘এন আলম’ নামের একটি এলপিজি গ্যাস পাম্পে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে এ বিস্ফোরণ ঘটে। এর আগে কয়েক ঘণ্টা ধরে পাম্প থেকে গ্যাস লিক হয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রাত পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

দগ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

Advertisement

সম্প্রতি চালু হওয়া পাম্পটি কলাতলীর হোটেল-মোটেল জোনের পূর্ব পাশে অবস্থিত। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে পাম্পের ট্যাংক থেকে গ্যাস লিক হয়ে আগুন লাগে। কর্মচারীরা বালু ও পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনলেও রাত ১০টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের অন্তত নয়টি ইউনিট যৌথভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে আশপাশের কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও তিনি জানান।

ঘটনাস্থলে দেখা যায়, পাম্পসংলগ্ন একটি গ্যারেজে রাখা অন্তত ৩০টি প্রাইভেট কার ও মাইক্রোবাস পুড়ে গেছে। গ্যারেজকর্মী নুরুল আলম বলেন, পাম্প থেকে ছড়িয়ে পড়া আগুনে একের পর এক গাড়ি দাউ দাউ করে জ্বলে ওঠে।

ঘটনার সময় আশপাশের বাসিন্দারা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যান। এদিকে কক্সবাজার হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান প্রাথমিকভাবে নাশকতার আশঙ্কার কথাও উল্লেখ করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!