ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৩, ৯ অক্টোবর ২০২৫
চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের হাজীগঞ্জে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়া, পঁচা-বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে তিন ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়া, পচা-বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে প্রিন্স হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিককে ৫০ হাজার টাকা, পচা-বাসি খাবার সংরক্ষণ করার অপরাধে নিউ শেরাটন রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারকে ১০ হাজার টাকা এবং ক্ষতিকর রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে মা মনি ব্রেড এন্ড কনফেকশনারি মালিককে ২০ হাজার টাকাসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

Advertisement

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকারবিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য পরিদর্শক মো. জসিম উদ্দিন এবং যৌথ বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!