আহত সহকারী স্টেশন মাস্টার আকতার হোসেন (৪০) বদরখালী ইউনিয়নের দক্ষিণ পুকুরিয়া পাড়ার বাসিন্দা। তিনি রামু রেলওয়ে স্টেশনে কর্মরত আছেন।
স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে আকতার হোসেন রামুর কর্মস্থল থেকে বাড়িতে ফিরছিলেন। চকরিয়া থানা রাস্তার মাথা থেকে তিনি সিএনজিচালিত অটোরিকশায় উঠেন। পথে ইলিশিয়া লম্বা রাস্তার মাথায় পৌঁছালে চার-পাঁচ ব্যক্তি একটি মাইক্রোবাস থেকে নেমে অটোরিকশার গতিরোধ করেন। এ সময় দুর্বৃত্তরা আকতার হোসেনের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন।
.png)
একপর্যায়ে দুর্বৃত্তরা আকতার হোসেনকে হাতে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে হাসপাতালের চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখান থেকে তাকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে রেফার্ড করা হয়।
কক্সবাজার রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মেহেদী হাসান বলেন, আকতার হোসেন কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। তবে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পেতে তিনি দৌড়ে পালিয়ে যাওয়ায় তার পকেটে থাকা টাকা-মোবাইল নিতে পারেননি।
চকরিয়া থানার ওসি মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সেটা পুলিশ অনুসন্ধান করছে। আহত ব্যক্তি লিখিত এজাহার দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।