ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাত্রলীগ ঠেকাতে নেমে যুবদলের দুই গ্রুপের মারামারি, আহত ৫

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩১, ৪ জানুয়ারি ২০২৫
ছাত্রলীগ ঠেকাতে নেমে যুবদলের দুই গ্রুপের মারামারি, আহত ৫
কালকিনিতে যুবদলের ধাওয়া-পাল্টা ধাওয়া

মাদারীপুরের কালকিনিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিরোধ করতে নেমে যুবদলের দুই গ্রুপের মধ্যে মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী শামীম মোল্লাসহ ৫ জন আহত হয়েছেন।

শনিবার দুপুরে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তার ও উপজেলা যুবদলের সভাপতি পদে প্রার্থিতা নিয়ে শামীম মোল্লা ও শিকদার মামুনের গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। তারা দুজনই সভাপতি প্রার্থী হয়ে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন। এ নিয়ে উভয় পক্ষের মাঝে চরম শত্রুতা সৃষ্টি হয়েছে।

Advertisement

শনিবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিরোধ করতে মাঠে নামেন শামীম মোল্লা ও শিকদার মামুনের কর্মী-সমর্থকরা। এ সময় যুবদলের ঐ দুইপক্ষ সামনাসামনি হলে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হন- শামীম মোল্লা, জাহিদ, সম্রাট মোল্লা, মিন্টু ঘরামীসহ ৫জন। ঘটনার পর থেকেই ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়ন করা হয়েছে।

আহত যুবদল নেতা শামীম মোল্লা বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যেন মাঠে না আসতে পারে সেই লক্ষে আমরা রাজপথে ছিলাম। এ সুযোগে মামুনের লোকজন আমার লোকজনকে মারধর করেছে।

আরেক যুবদল নেতা মামুন শিকদার বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে।

কালকিনি থানার ওসি সোহেল রানা বলেন, পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!