ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাফ নদীতে ধরা পড়ল ৩২ কেজির দুটি কোরাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৩, ৩ জানুয়ারি ২০২৫
নাফ নদীতে ধরা পড়ল ৩২ কেজির দুটি কোরাল
নাফ নদীতে বড়শিতে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের দুটি কোরাল মাছ

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে বড়শিতে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের দুটি কোরাল মাছ। মাছ দুটি ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নদীর সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জেটি ঘাটে হাইর হোছেন নামে এক জেলের বড়শিতে মাছ দুটি ধরা পড়েছে। এরমধ্যে বড়টির ওজন ২০ ও ছোটটির ১২ কেজি।

জানা গেছে, মাছ দুটির দাম ৪৫ হাজার টাকা হাঁকা হলেও বিকালে সাবরাং বাজারের মাছ ব্যবসায়ী ছৈয়দ আলমের কাছে দুটি ৪০ হাজার টাকায় বিক্রি করেন হাইর হোছেন।

Advertisement

জেলে হাইর হোছেন বলেন, প্রায় সাত বছর ধরে নাফ নদীতে নৌকা নিয়ে মাছ ধরা বন্ধ। তাই শাহ পরীর দ্বীপ জেটিতে বসে প্রতিদিনের মতো আমরা কয়েকজন বড়শি ফেলি। ঘণ্টাখানেক পর আমার বড়শি টেনে তোলার চেষ্টা করি। কিন্তু বড়শিটি বেশ ভারী মনে হওয়ায় আরো একজনের সহযোগিতা চাই। পরে বড়শি টেনে তুলে দেখি, একটি বড় কোরাল মাছ আটকা পড়েছে। সেটির ওজন ছিল ২০ কেজি। পরবর্তীতে তিনি একই জায়গায় পরপর তিনবার বড়শি ফেলে ব্যর্থ হন।

তিনি আরো বলেন, ২০ মিনিট পর আমার বন্ধু মোকাদ্দেরে বরশিতে আরো একটি কোরাল মাছ ধরা পড়ে। সেটির ওজন ছিল প্রায় ১২ কেজির মতো।

মাছের ক্রেতা ছৈয়দ আলম বলেন, বরফ দিয়ে ফ্রিজিং করে মাছ দুটি চট্টগ্রাম ফিশারি ঘাটে পাঠানো হয়েছে। বেশি দামে বিক্রি হলে কিছু লাভ হবে।

শাহপরীর দ্বীপে বেড়াতে আসা পর্যটক জয়নুল আবেদিন বলেন, বেড়াতে এসে নাফ নদীতে বড়শি দিয়ে সরাসরি মাছ ধরা উপভোগ করলাম। সঙ্গে আমার বউ-বাচ্চারা রয়েছে। ওরাও এই দৃশ্য দেখে খুবই খুশি। বড়শিতে ছোট-বড় অনেক মাছ ধরা পড়ে। নিজেকে আজ খুব ভাগ্যবান মনে হচ্ছে। এতো বড় কোরাল মাছ খেতে না পারলেও সরাসরি মাছ ধরা উপভোগ করলাম।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, নাফ নদীর কোরাল মাছ খুবই সুস্বাদু। কোরাল সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়। কোনো কোনো সময় এর চেয়ে বেশি ওজনের কোরালও পাওয়া যায়। এরমধ্যে প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদীতে এখন বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে। আজও দুটি কোরাল পেয়েছে, মাছ দুটির ওজন ৩২ কেজির মতো।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!