ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিসা কারখানার বয়লার বিস্ফোরণে দগ্ধ ৩

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৯, ২ জানুয়ারি ২০২৫
সিসা কারখানার বয়লার বিস্ফোরণে দগ্ধ ৩
ঘটনাস্থলের পাশে উৎসুক জনতা। ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের মধুখালীর পরিক্ষীতপুর গ্রামের আলতু খান জুট মিলের মধ্যে অবস্থিত সিসা কারখানার বয়লার বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার বনমালদিয়া গ্রামের শুকুর সরদারের ছেলে মো. সাহাবুদ্দিন সরদার (৩০), বোয়ালিয়া গ্রামের মৃত রতন শেখের ছেলে মো. ফারুক শেখ (৩২), চাঁদপুর গ্রামের কামরুল শেখের ছেলে বিপ্লব (৪৫)। এদের মধ্যে ফারুক শেখ ও বিপ্লবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আহত ফারুক শেখের বড় ভাই বাচ্চু শেখ জানান, বিস্ফোরণে তিনজনই অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ফারুক ও বিপ্লবকে গুরুতর অবস্থায় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

Advertisement

এদিকে এ ঘটনায় ওই কারখানায় কর্মরতদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের কারখানার ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই বিস্ফোরণে বিষয়েও কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি।

স্থানীয়রা জানান, দুপুরে ওই সিসা কারখানা থেকে বিকট ধরনের আওয়াজ শুনতে পান তারা। একইসঙ্গে ধোঁয়া বের হতে দেখেন। তবে ভেতরে প্রবেশ না করার কারণে জানা যায়নি কি ধরনের ক্ষতি হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. তারিকুল ইসলাম জানান, মধুখালীতে একটি কারখানায় বিস্ফোরণের ঘটনায় আহত ৩ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের সবাইকে সার্জারি বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!