বুধবার (১ জানুয়ারি) রাত ২টার দিকে উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. হাসিবুল ইসলাম বরিশাল জেলার বানারীপাড়া থানার ইলুহার গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে। তিনি পরিবার নিয়ে উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মসজিদ মোড় এলাকার শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তার ফার্মেসির দোকান আছে।
.png)
নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বলেন, স্বামী-সন্তান নিয়ে আমি শ্রীপুরের কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মসজিদ মোড় এলাকায় বাবার বাড়িতে বসবাস করি। আমার স্বামী মসজিদ মোড় এলাকায় ফার্মেসির দোকান আছে। বুধবার আমরা ঢাকায় যাই। ঢাকার কাজ শেষে রওনা করে রাত ২টার দিকে প্রাইভেটকারে শ্রীপুরের বাসার সামনে এসে নামি। নামামাত্রই দেখতে পাই ৮-১০জন কিশোর রাস্তায় হইচই করছে। আমরা গাড়ি থেকে যখন ব্যাগগুলো নামাচ্ছি, তখন তারা আমাদের সামনে এসে এত রাতে কোথা থেকে এসেছি তা জানতে চান। এ সময় তাদের চলে যেতে অনুরোধ করলে তারা অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এবং আমার স্বামীর সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর করে। গাড়িচালক শিমুল এগিয়ে এলে তাকেও মারধর করে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
পরে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে আমার স্বামীকে ইট দিয়ে আঘাত করে এবং মারধর করে চলে যায়। মারধরের একপর্যায়ে আমার স্বামী মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে আল-হেরা হাসপাতালে নেন। সেখানকার চিকিৎসক শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরামর্শ দেন। পরে হাসিবুলকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস বলেন, রাত সোয়া ৩টার দিকে মৃত অবস্থায় হাসিবুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে রাত সাড়ে ৪টার দিকে হাসপাতাল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, নিহত হাসিবুল ঢাকায় শ্বশুরবাড়ি বেড়ানো শেষে রাতে মাওনা বাসায় ফেরার পরপরই হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। পলাতক রুবেলসহ বাকিদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।