ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হন আরো অন্তত ১০ জন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহতের এসব তথ্য নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ।
.png)
তিনি জানান, বেলা ১১টার দিকে সেতুর টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে ছিল একটি যাত্রীবাহী মাইক্রোবাস, একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল। তখন ঢাকা-কুয়াকাটা রুটের ব্যাপারী পরিবহনের একটি বাস থেমে থাকা তিনটি যানবাহনকে চাপা দেয়। গাড়িগুলো দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। আহতদের ঢাকার মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়। পরে ওই হাসপাতাল সূত্রে জানতে পারি পাঁচজন মারা গেছেন।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানি বলেন, ধলেশ্বরী টোল প্লাজায় মাওয়ামুখী দাঁড়িয়ে থাকা যানবাহনকে পেছন দিক থেকে যাত্রীবাহী বাসটি ধাক্কা দেয়। টোল প্লাজার কর্মী ও টহল সেনাসদস্যদের সহায়তায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধারের কাজ চলমান।