ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
কার্গো জাহাজে সাত খুন

নাম গোপন রেখে চাকরি নেয়ার কারণ জানালেন সেই ইরফান

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:২৮, ২৭ ডিসেম্বর ২০২৪
নাম গোপন রেখে চাকরি নেয়ার কারণ জানালেন সেই ইরফান
কার্গো জাহাজে সাত খুনের ঘটনায় গ্রেফতারকৃত ইরফান

চুলছেঁড়া বিশ্লেষণ শেষে নাম গোপন রেখে জাহাজে চাকরি নেয়ার কারণ নৌ পুলিশকে জানালেন ইরফান (২৬)। এরমধ্যে তদন্তে তার এলাকার জীবনের পেছনের নানান বিতর্কিত কর্মকাণ্ড উঠে এসেছে।

বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন চাঁদপুর নৌ পুলিশ সুপার কার্যালয়ের উপ-পরিদর্শক শেখ আব্দুস সবুর।

তিনি বলেন, রিমান্ডে ইরফান জানিয়েছেন তিনি ভৌরবে নৌযানে কাজ করাকালীন সেখানে কলেমা পড়ে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হন। মূলত তার পেছনের জীবনের ছোটখাটো অপরাধমূলক কাজকে আড়ালে রেখে ভালো ছেলে হিসেবে নিজেকে মেলে ধরতেই ইরফান নাম দিয়ে জাহাজে খালাসী পদে চাকরি নেন। তবে তার আইডি কার্ডে এখনো আকাশ মন্ডল নামটিই রয়েছে।

Advertisement

কুমিল্লার র‍্যাব-১১ এর উপ-পরিদর্শক মো. তারেক জানান, ইরফানকে আমরা বাগেরহাটের চিলমারি থেকে গ্রেফতার করি। সেখানেই তিনি আত্মগোপনে ছিলেন। তিনি জানিয়েছিলেন, বেতন-ভাতা ও রাগ ক্ষোভ থেকেই একাই তিনি এই ৭টি খুন করেছেন। সবাইকে ঘুমের ওষুধ রাতের খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ান। এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী জাহাজের মাস্টারকে হত্যার মধ্য দিয়ে শুরু হয় তার নৃশংস পরিকল্পনা। পরে ধরা পড়ার ভয়ে একে একে আরও ছয়জনকে তিনি হত্যা করেন।

যদিও কার্গো জাহাজ এম ডি আল বাখেরার মালিক মাহবুব মোর্শেদ ডাবলু বলেন, ইরফান নাম দিয়ে আমার জাহাজে তিনি খালাসির পদে চাকরি নিয়েছিলেন। তাকে বেতন-ভাতাসহ অন্য সুবিধা দেওয়া হতো না এমন অভিযোগ বানোয়াট। আমি ৭ খুনের ঘটনায় ৮-১০ জনকে অজ্ঞাত দেখিয়ে এরমধ্যেই হাইমচর থানায় মামলা করেছি।

থানা পুলিশ ও স্থানীয়দের থেকে প্রাপ্ত তথ্য নিয়ে জানা যায়, ইরফান তার নিজ এলাকা বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামেও আকাশ মন্ডল নামেই পরিচিত। তার পিতা জগদীশ মণ্ডল মারা যাওয়ার পরই তারসহ পুরো পরিবারের অধপতন শুরু হয়। তার মা অভাব অনটন সহ্য করতে না পেরে তাদের দুই ভাইকে ফেলে মুসলিম যুবকের সঙ্গে মুসলিম ধর্মগ্রহণের পর বিয়ে করে চলে যান। পরে নানা-নানির কাছে তিনি থাকা শুরু করার একপর্যায়ে কিছুদিনের ব্যবধানে তারাও মারা যান। এরপর তার একমাত্র আপন বড় ভাই বিধান মন্ডলও মুসলিম মেয়ের সঙ্গে প্রেম করে ইসলাম ধর্মগ্রহণ করে আবির হোসেন নাম নিয়ে তিনিও আলাদা থাকতে শুরু করেন।

ইরফানদের প্রতিবেশী জিহাদুল ইসলাম ও মো. জুয়েল বলেন, আকাশ নামে ছেলেটি ২০১৮ সালের দিকে একটি মুসলিম মেয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে এলাকা ছাড়া হন। এরপর ২০২২ সালের দিকে পুনরায় এলাকায় এসে তার ভাইয়ের সঙ্গে বাগবিতণ্ডা হওয়ায় আবার নিরুদ্দেশ হন। এখন ফেসবুকে দেখে জানলাম তিনি জাহাজে ৭ জনকে খুন করেছেন। তবে আকাশ অভাবের তাড়নায় এলাকায় মানুষের ক্ষেত ও পুকুরে শাক ও মাছ চুরির অপরাধে জড়িয়েছিলেন। তবে কাউকে মারধর করা কিংবা আঘাত করার মতো দুঃসাহস কখনো দেখাননি।

আকাশের বড় ভাই আবির হোসেন বলেন, আমার নানা-নানি থাকতেন সরকারি জায়গায় ঝুপড়ি ঘরে। তাদের মৃত্যুর পর আমিও সেখানেই থাকি। আমাদের পৈতৃক নিবাস মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামে হলেও ছোটবেলায় বাবার মৃত্যুর পর মা ধর্মান্তরিত হয়ে অন্যত্র চলে যাওয়ায় আমরা দু-ভাই নানা-নানির কাছেই বেড়ে উঠি। আমি ফলতিতা বাজারে সিলিন্ডার গ্যাস বিক্রির একটা ছোট দোকান দিয়েছিলাম। সেখানে কাজের সময় আকাশ একটি নারীর সঙ্গে প্রেমঘটিত ঘটনায় এলাকা ছাড়ে। এরপর আর ওই দোকান সেখানে বেশিদিন টেকেনি। গেল শীতে একদিনের জন্য সে বাড়িতে আসলে তাকে বকাঝকা করে তাড়িয়ে দেই। এরপর থেকেই সে জাহাজে জাহাজে কাজ করে এবং আমার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। তবে এলাকায় থাকাকালীন সে বিয়ে করেনি এবং মাছ ধরা ও দিনমজুরের কাজ করতো।

এদিকে চিকিৎসাধীন জুয়েল নৌ পুলিশকে জানিয়েছেন, এই ছেলেই ছিলো সেই ঘাতক এবং সেই ছিলো জাহাজের নিখোঁজ নবম ব্যাক্তি। বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসকের ৪ সদস্যের তদন্ত কমিটির সদস্য চাঁদপুর নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, গলায় আঘাতের কারণে কথা বলতে না পারলেও কাগজে ৯ জনের নাম লিখেছিলেন। সেখানে হতাহতের ৮ জন বাদে অন্য নামটি ছিল ‘নিঃস্বার্থ’। তবে জুয়েল এখন জানিয়েছে মানসিক স্মৃতি ও শক্তি দুর্বল থাকায় ওই সময় ইরফানের স্থলে ওই নামটি অস্পষ্টভাবে লিখে ফেলেছিলেন। মূলত ইরফানই ছিল ওই ব্যক্তি যে তাকে গলায় জখম করেছে, আর তার নামটিই লিখতে গিয়েই ‘নিঃস্বার্থ’ চলে আসে। তাই নাম নিয়ে যে চাঞ্চল্যটি ছিল সেটির অবসান হয়েছে।

তিনি আরও বলেন, ইরফান নেশাগ্রস্ত ছিল কিনা সে বিষয়টি নিয়ে কাজ চলছে। এছাড়া তার মানসিক অন্য কোনো সমস্যা ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তের অগ্রগতি নিয়ে জানান, জাহাজটিতে কোনো সিসি ক্যামেরা ছিল না। সবাই ঘুমন্ত ছিল এবং ওইদিন সবাই কক্ষের দরজা খোলা রেখেছিলো অর্থাৎ দরজা টানা ছিল তবে ছিটকানি দেওয়া ছিল না। দরজা ভাঙা না থাকায় বিষয়টি সহজভাবে বোঝা গেছে এবং জুয়েলের থেকে তথ্যেও এটি নিশ্চিত হয়েছি। তবে জুয়েল ভেতর থেকে দরজা লক করায় মূলত প্রাণে বেঁচে ছিল। দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কাজ এগিয়ে নিচ্ছি আমরা।

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডা. আসিবুল ইসলাম বলেন, জাহাজে ৭ খুনের প্রত্যেকটা মরদেহের ময়নাতদন্ত আমি করেছি। প্রত্যেককেই কানের একটু উপরে মাথায় কোপ দিয়ে মারা হয়েছে। যে একজনকে ধরা হয়েছে তিনি নেশাগ্রস্ত ছিলেন কিনা সন্দেহ। তার উগ্র আচরণের বহিঃপ্রকাশেই এমন কাণ্ড হতে পারে।

একজন সুস্থ স্বাভাবিক লোক কী এতোগুলো মানুষকে খুন করতে পারে? এ বিষয়ে চাঁদপুর মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান ডা. এ. এম ফরিদুজ্জামান বলেন, ইরফানের মোটিভ কী ছিল এবং সে কী সাইকোপ্যাথ কিনা সেটি জানা এক্ষেত্রে জরুরি। ২৬/২৭ বয়সের যুবকরা এই ধরনের খুন করার ভালো সম্ভাবনা থাকে। মূলত এই বয়সী যুবকদের যারা ‘এন্টি সোশ্যাল পার্সোনালিটি ডিজ অর্ডারের মানুষ’ তারা দেশের বা সমাজের আইন কানুন মানতে চায় না। অর্থাৎ কোনো নিয়মে আবদ্ধ থাকতে চায় না। রাগ উঠলে এরা মারপিট, ভাঙচুর যেকোনো কিছু করতে পারে। পার্সোনালিটি যদি সিডিয়ার হয় সেক্ষেত্রে এই বয়সী যুবকরা একজন সন্ত্রাসীতে পরিণত হতে পারে কিংবা সে একজন সাইকোপ্যাথ হতে পারে। এই বয়সটায় এদের অপরাধবোধ কাজ করে না। এরা যে কাজ করে সেটা কেন করে সেটাও তারা জানেনা বা বুঝতে চায় না। এরা খুব ছোটখাটো বিষয়েও ভাঙচুর মারধর পর্যন্ত করতে পারে।

এদিকে চাঁদপুর জেলা জজ কোর্টের এপিপি অ্যাড. ইয়াসিন আরাফাত জানান, আদালতে আত্মপক্ষ সমর্থন করে আকাশ মণ্ডল ওরফে ইরফান বিচারককে বলেন, মানুষ ভুল করে। আমিও ভুল করেছি। আমাকে ক্ষমা করে দিন।

খবর নিয়ে জানা যায়, নৃশংস সাত খুনের ঘটনায় অভিযুক্ত ইরফানের বিরুদ্ধে স্থানীয় পুলিশের কাছেও কাগজে কলমে কোনো অভিযোগ নেই। 
এ বিষয়ে বাগেরহাটের ফকিরহাট মডেল থানার ওসি আলমগীর কবির বলেন, ইরফান ওরফে আকাশ মন্ডলের নামে আমাদের থানায় কোনো প্রকারের লিখিত অভিযোগ নেই। এলাকায় খবর নিয়েছি সে খুব শান্তশিষ্ট স্বভাবের ছিল।

এই ৭ খুনের ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা হরিণা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. কালাম খান বলেন, ইরফান আমাদের কাছেই রয়েছে। ৭ দিনের রিমান্ডের ১ম দিনে তার থেকে অনেক তথ্যই পেয়েছি। বাকি দিনগুলোতে পূর্ণাঙ্গ তথ্য বের করবো। আহত জুয়েলের সঙ্গেও আমার যোগাযোগ রয়েছে।

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌযান পরিবহনের চাঁদপুর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক শ. আ. মাহফুজ উল আলম মোল্লা বলেন, অনুসন্ধানে বেরিয়ে এসেছে ঘটনার সঙ্গে সম্পৃক্ত জাহাজটিতে পাইলট ছিল না। এমনকি তাতে স্কট, সিসি ক্যামেরা, ভিএইচএফ যন্ত্রপাতিও ছিলোনা। সেক্ষেত্রে জাহাজটি কিভাবে এতোদিন নিয়মনীতির তোয়াক্কা না করে নদীতে চলাচল করেছে? সে নিয়েও কাগজপত্র যাচাই-বাছাই করছি। কেননা অবৈধ রেজিস্ট্রেশনবিহীন কার্গো জাহাজের বিরুদ্ধে প্রায়ই আমরা জরিমানাসহ আইনগত ব্যবস্থা নিয়ে থাকি।

তিনি বলেন, ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে দেখলাম জাহাজটি নোঙর করা ছিল না বরং চরে আটকে ছিল। ওটাতে পাইলটও ছিল না। যার কারণে নির্দিষ্ট ক্যানেলের বাইরে দেখতে পাই জাহাজটি। ইরফান যে পদে কাজ করতো তার কাজ হচ্ছে তার নাম হচ্ছে খালাসী। মূলত খালাসীরা সাধারণত লস্করের সহযোগী হিসেবে কাজ করেন। তারা জাহাজের ডেকে মালামাল স্থানান্তর করতো এবং ডেকে বা যন্ত্রপাতি পরিষ্কার করে থাকে। কোনোভাবেই মাস্টারের ভূমিকায় জাহাজ চালানোর কথা না। তবে দেখে দেখে হয়তো জাহাজ কিছু সময় চালাতে পারে তবে দক্ষ চালক বা মাস্টারের মতো কখনোই চালাতে পারে না। এজন্যই হয়তো ইরফান যে সময়টুকু জাহাজটি চালিয়েছে সে সময়েই জাহাজটি নির্দিষ্ট ক্যানেলের বাইরে চলে যায় এবং চরে আটকা পড়ে এবং নোঙর করা ছিল না।

এ বিষয়ে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ৭শ’ ২০ মেট্রিক টন ইউরিয়া সার ছিলো কার্গো জাহাজটিতে। তা অক্ষত হওয়ায় এবং এগুলো সরকারি সার হওয়ায় দ্রুত তা ওই জাহজ হতে আনলোড করে স্থানান্তরিত করতে অন্য একটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনি প্রক্রিয়া শেষে ওই জাহাজ থেকে মাল আনলোডের কাজ শুরু হবে। তদন্ত টিমও তাদের কাজ এগিয়ে নিচ্ছে। এর আগে আমরা আইনি প্রক্রিয়া শেষ করে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করেছি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের প্রত্যেককে ২০ হাজার এবং নৌ পুলিশের পক্ষ থেকে ১০ হাজার টাকার চেক দিয়েছি।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত চাঁদপুরের এই ৭ খুনের ঘটনা বিশ্লেষণে এবং রহস্য উদঘাটনে শ্রম মন্ত্রণালয় ৫ সদস্য, জেলা প্রশাসন ৪ সদস্যের এবং জেলা পুলিশ ৩ সদস্যের পৃথক তদন্ত টিম গঠন করেছে। যারা নির্দিষ্ট সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর সকাল ৮টা হতে ২৩ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার যেকোনো সময়ে চাঁদপুরের হাইমচরের ঈশানবালাস্থ মনিপুর টেক খাল পাড় সংলগ্নে জাহাজে ৭ জন খুনের ঘটনাটি ঘটেছে বলে মামলা হয়। এম.ডি. আল বাখেরা কার্গো জাহাজটি ২২ ডিসেম্বর সকাল ৮টায় চট্টগ্রাম কাফকো জেটি থেকে ইউরিয়া সারবোঝাই করে ৯ জন কর্মচারীদেরকে নিয়ে সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ির উদ্দেশ্যে রওনা করে। ২৩ ডিসেম্বর সকাল ৮টায় খুনের ওই ঘটনা সামনে আসে। এতে এম.ডি. আল বাখেরা জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া, গ্রিজার সজিবুল ইসলাম, লস্কর মাজেদুল ইসলাম, শেখ সবুজ, আমিনুর মুন্সী, ইঞ্জিন চালক সালাউদ্দিন ও বাবুর্চি রানা কাজী খুন হন। এছাড়া গুরুতর আহত ব্যক্তি হলেন জাহাজটির সুকানি জুয়েল।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: খুন চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!