মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর থানাধীন শিববাড়ি মোড়ে গাজীপুরের ওলামা ও তৌহিদী জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত ১৮ ডিসেম্বর রাতে টঙ্গী ইজতেমার ময়দানে ঘুমন্ত জুবায়েরপন্থী সাধারণ মুসল্লিদের ওপর সাদপন্থীদের হামলায় ৪ জন নিহতের প্রতিবাদে এবং সাদপন্থীদের সকল কার্যক্রম বন্ধ ও খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিলটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে মাঝির খোলা গিয়ে শান্তিপূর্ণভাবে সমাপ্ত করা হয়।
.png)
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মুফতি লেহাজ উদ্দিন, হেফাজতে ইসলাম গাজীপুর মহানগরের সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান, হেফাজতে ইসলাম গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান, দেশি পাড়া মাদরাসার মুহতামিম মাওলানা আতাউর রহমানসহ সর্বস্তরের তৌহিদী জনতা।
বক্তারা বলেন, সাদপন্থীরা টঙ্গীর ইজতেমা মাঠে জুবায়ের পন্থী ঘুমন্ত সাধারণ মুসলমানদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই। তাদের বাংলাদেশে সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। তাদেরকে আর কোনোদিন টঙ্গীর মাঠে ইজতেমা করতে দেওয়া হবে না।