ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়িতে আগুন, তালাবদ্ধ ঘরেই প্রাণ গেল মিরাজের

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৩, ১৮ ডিসেম্বর ২০২৪
বাড়িতে আগুন, তালাবদ্ধ ঘরেই প্রাণ গেল মিরাজের
আগুন। ফাইল ফটো

গাজীপুরের টঙ্গীতে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে মিরাজ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ওই বসতবাড়ির সাতটি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। রাত পৌনে ১১টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। মৃত শিশু মিরাজ কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার মইদাম গ্রামের খোরশেদ আলমের ছেলে। তারা টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকার লতা বেগমের ভাড়া বাড়ির একটি কক্ষে বসবাস করতো।

স্থানীয়রা জানান, শিশু মিরাজকে রেখে তার মা-বাবা দুই দিন আগে গ্রামের বাড়িতে যান। দাদি তাকে ঘরে তালা দিয়ে অন্যত্র গিয়েছিলেন। রাত সোয়া ৯টার দিকে আগুন লেগে তালাবদ্ধ কক্ষসহ বাড়ির সাতটি কক্ষে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

Advertisement

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শাহিন আলম জানান, রাত সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। কিন্তু তার আগেই এক শিশু তালাবদ্ধ ঘরে পুড়ে মারা যায়। পরে প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ততক্ষণে ওই বাড়ির ৮টি কক্ষ পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল রুম্মান জানান, অগ্নিকাণ্ডে মিরাজ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বয়স ১০ থেকে ১১ বছর হবে।

টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, আগুনে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!