নিহত শ্রমিকের নাম টিটু মিয়া (১৬)। সে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের জলসুখা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ভবন মালিক সৌদি আরব প্রবাসী জয়নাল সরকারের স্ত্রী বলেন, টিটুসহ কয়েকজন সাজু ঠিকাদারের অধীনে তাদের ভবন নির্মাণের কাজ করছিল। আজ অন্য শ্রমিকদের রেখে টিটু আগে কাজে চলে আসে। সকাল সাড়ে ৮টার দিকে নাস্তা দিতে গিয়ে তিনি টিটুকে ফ্যানের হুকের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তিনি বিষয়টি আশপাশের লোকজন এবং টিটুর স্বজনদের জানান।
.png)
নিহতের চাচাতো ভাই রাস মিয়া বলেন, তারা নির্মাণ শ্রমিক। প্রায় আড়াই মাস আগে তিনি এবং টিটু কাজের উদ্দেশে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়লিয়া গ্রামে আসেন। স্থানীয় রুবেলের দোকান ঘরে ভাড়া থেকে তারা ঠিকাদারের অধীনে কাজ করতেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৭টায় তারা ঘুম থেকে ওঠেন। এর কিছুদিন পরে তিনি রান্না করতে থাকলে টিটু কাজের উদ্দেশে বের হয়ে যায়। সকাল সাড়ে ৮টার সময় তিনি খবর পান নির্মাণাধীন ভবনে ফ্যানের হুকের সঙ্গে টিটুর লাশ ঝুলছে। খবর পেয়ে তিনি সেখানে ছুটে যান। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। সম্প্রতি টিটু মুঠোফোনে কোনো এক মেয়ের সঙ্গে কথা বলতো। তার আত্মহত্যার পেছনে প্রেমঘটিত কোনো ব্যাপার থাকতে পারে বলে জানান তিনি।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমাদের কাছে আত্মহত্যা বলে মনে হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।