ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লাশ হয়ে ফিরলেন কুয়েত প্রবাসী শ্যালক-দুলাভাই

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৪, ৯ ডিসেম্বর ২০২৪
লাশ হয়ে ফিরলেন কুয়েত প্রবাসী শ্যালক-দুলাভাই
ছবি: সংগৃহীত

মধ্যপ্রচ্যের দেশ কুয়েতে তাবুর ভেতর জেনারেটরের ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার দুই প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আবার শ্যালক-দুলাভাই। 

নিহতরা হলেন বিশ্বনাথ পৌর এলাকার নরশিংপুর গ্রামের হাজী মনা উল্লাহর পুত্র কয়েছ মিয়া (৪৪) ও উপজেলার লামাকাজী ইউপির শাখারীকোনা গ্রামের আব্দুল গৌছের পুত্র রাসেল আহমদ (২৯)। 

রোববার (৮ ডিসেম্বর) সকালে তাদের লাশ গ্রামের বাড়িতে আসলে কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীরা। দুই প্রবাসীর করুণ মৃত্যুর ঘটনায় বিশ্বনাথে বইছে শোকের মাতম।

Advertisement

দুই প্রবাসীর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবাসী কয়েছ মিয়া কুয়েতের মরুভূমি এলাকায় একটি তাবুতে বসবাস করতেন। গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) তিনি (কয়েছ) শারীরিকভাবে অসুস্থ হলে শ্যালক রাসেল আহমদ তাকে দেখতে আসেন। ওইদিন রাতে কয়েছ মিয়াকে দেখাশুনার জন্য রাসেল আহমদ সেখানে থেকে যান। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে সেখানে অতি ঠান্ডা পড়ার কারণে তারা (শালা-দুলাভাই) তাবুর ভেতরে জেনারেটরের মাধ্যমে হিটার চালিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুমন্ত অবস্থায় পার্শ্ববর্তীরা তাদের লাশ উদ্ধার করে আল সাবা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের রিপোর্টে জানা যায়, জেনারেটরের ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়।

এরপর দীর্ঘ প্রক্রিয়া শেষে রোববার (৮ ডিসেম্বর) সকালে নিজ বাড়িতে লাশ আসলে দুপুর পৌনে ১২টার দিকে প্রবাসী কয়েছ মিয়াকে পৌর এলাকান নরশিংপুর উত্তরের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এবং এরপর রাসেল আহমদের বাড়ি শাখারিকোনা গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

কয়েছ মিয়া দীর্ঘদিন সৌদি আরব থেকে দেশে ফিরে গত ৩ মাস আগে কুয়েতে যান। কয়েছ মিয়া এক পুত্র, এক মেয়ে, স্ত্রী, মাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আর রাসেল আহমদ ৪ বছর আগে কুয়েতে যান। তার ১৩ মাসের এক কন্যা সন্তান রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!