রোববার (৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডি থেকে করা এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
সেখানে অনামিকা লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। গতকাল থেকে আমার সম্পর্কে খুব বাজেভাবে নিউজ হয়েছে, যেটা খুবই দুঃখজনক। সত্যতা কতটুকু তা যাচাই-বাছাই না করেই সবাই নিউজ করে যাচ্ছে। আমার ফ্লাইট ছিল গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি১৪৮ ) দুবাই-চট্টগ্রাম-ঢাকা। আমার টিকেট ল্যান্ডিং ছিল দুবাই টু ঢাকা। গোল্ড নিয়ে যে কথাগুলোর রিউমার হয়েছে, সেটার সত্যটা কতটুকু আমি ডকুমেন্ট সহকারে প্রমাণ করবো। তবে আটক হওয়া এবং কেজি পরিমাণ স্বর্ণ নিয়ে যে কথাগুলো রটিয়েছে সংবাদমাধ্যমে, তা পুরোপুরি ভিত্তিহীন এবং বানোয়াট। যতটুকু পরিমাণ স্বর্ণালংকার আমার পরনে ছিল তা আমার ব্যবহৃত। আমি সবকিছু ডকুমেন্ট সহকারে প্রকাশ করবো। ধন্যবাদ।’
.png)
এর আগে, শনিবার (৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে নাট্যাভিনেত্রী অনামিকা জুথিসহ দুই যাত্রীকে আটক করা হয়। অন্য যাত্রীর নাম মোহাম্মদ রায়হান ইকবাল। দুজনের তাদের কাছ থেকে ৭৩৩ গ্রাম সোনা উদ্ধার করা হয়। এরমধ্যে ৫৪৩ গ্রাম ২৪ ক্যারেটের চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইনসদৃশ সোনা এবং ১৯০ গ্রাম ২২ ক্যারেটের সোনা রয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, দুবাই থেকে আসা যাত্রী অনামিকা জুথি দুই হাতে চুড়িগুলো স্কচ টেপ দিয়ে আটকে এবং চেইন তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এছাড়াও অন্যান্য স্বর্ণালংকার হাতব্যাগে বহন করছিলেন দুই যাত্রী।