রোববারের এ অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কয়েকজন চাষিকে লাখ টাকা জরিমানা করা হয়। এ জরিমানার প্রতিবাদ ও কৃষকদের হয়রানির অভিযোগ তুলে সোমবার শিবগঞ্জ ইউএনও অফিসে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা।
আখচাষিরা জানান, তারা প্রতি বছরের মতো এ বছরও আখের রস থেকে গুড় তৈরির কার্যক্রম শুরু করেছেন। কিন্তু অভিযানের নামে তাদের হয়রানি করা হয়েছে। গুড় তৈরির চুলাসহ অন্যান্য সরঞ্জাম নষ্ট করা হয়েছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। গরিব কৃষকের ওপর এটা জুলুম। এর প্রতিবাদ করতেই তারা ইউএনওর কাছে এসেছেন।
.png)
শিবগঞ্জের ইউএনও আফতাবুজ্জামান আল ইমরান বলেন, রোববার শিবগঞ্জ ধাইনগর সড়কে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে আখ থেকে গুড় উৎপাদনের ক্ষেত্রে হাইড্রোজ নামে রাসায়নিক দ্রব্য মেশানোর প্রমাণ পাওয়া যায়। এ সময় দুই ধরনের গুড় পাওয়া যায়- হাইড্রোজ মেশানো ও হাইড্রোজ ছাড়া। তারা নিজেদের খাওয়ার জন্য যে গুড় তৈরি করছেন, সেখানে হাইড্রোজ দেন না। অপর পক্ষে বিক্রির জন্য যেগুলো তৈরি করছেন, সেখানে তারা এ ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করছেন। এ সময় ৫ জন আখচাষিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এই ক্ষোভ থেকেই তারা বিক্ষোভ করছেন। পরে চাষিদের প্রতিনিধিদের সঙ্গে আমি কথা বলেছি। বোঝানোর পর তারা ফিরে গেছেন।