ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আইনজীবী হত্যায় চসিকের কেউ থাকলে ব্যবস্থা নেবে প্রশাসন: চসিক মেয়র

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১১, ২ ডিসেম্বর ২০২৪
আইনজীবী হত্যায় চসিকের কেউ থাকলে ব্যবস্থা নেবে প্রশাসন: চসিক মেয়র
ছবি: আন্দরকিল্লা ওয়ার্ড পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মেয়র শাহাদাত

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কেউ জড়িত থাকলে তাকে প্রশাসন গ্রেফতার করবে। এতে সিটি কর্পোরেশন কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। তবে নিরীহ কেউ যেন গ্রেফতার না হয় সে বিষয়েও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চসিকের ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা সুষ্ঠুভাবে হচ্ছে কি না তা দেখতে চসিকের পক্ষ থেকে ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি। আজ ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডে এসেছি। যে ওয়ার্ডে কিছুদিন আগে আমাদের এক আইনজীবীকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। স্পষ্টভাবে বলতে চাই- চিহ্নিত সন্ত্রাসী যেই হোক; সে যদি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা-কর্মচারীও হয়ে থাকে, তাহলে তাকে প্রশাসন গ্রেফতার করবে। সে বিষয়ে সিটি কর্পোরেশন কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।

Advertisement

তবে সিটি কর্পোরেশনের নিরীহ কোনো কর্মকর্তা-কর্মচারী যাতে গ্রেফতার না হন সে বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন মেয়র শাহাদাত।

তিনি বলেন, মেথর পট্টি থেকে যারা সিটি কর্পোরেশনের দৈনন্দিন কাজ করছে, কষ্ট করছে; তারা নির্বিঘ্নে বের হবে, তারা কাজ করবে। চিহ্নিত সন্ত্রাসী আমরা চিনি, যারা দেখেছি; তারা অবশ্যই আইনের আওতায় আসবে।

এ সময় চসিকের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশেও হুঁশিয়ারি দিয়ে মেয়র বলেন, যারা অনুপস্থিত আছেন এবং যারা কাজে গাফিলতি করছেন, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিব। আমরা চাই তারা জনগণের পাশে দাঁড়িয়ে জনগণকে সেবা দিবে। আপনারা গতকাল (রোববার) দেখেছেন- যারা সচিব আছেন, যারা কাজ করছে না, যাদের বিরুদ্ধে সমস্যা পেয়েছি; একটি আদেশ করে তাদের বদলি করে দিয়েছি। সেখানেও যদি তারা গাফিলতি করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

জনগণের উদ্দেশে শাহাদাত হোসেন বলেন, সিটি কর্পোরেশন মানুষের সেবা দিতে বদ্ধপরিকর। সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সার্বিকভাবে সহযোগিতা করে এ শহরকে সুন্দর রাখতে কাজ করে যাবেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!