এর আগে, রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানার তারগাছ এলাকায় বাসচাপায় একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মী নিহতের খবরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় তারা ওই মহাসড়কে চলাচলকারী চারটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেন। নিহত নিরাপত্তাকর্মী মুন্নাফ মালিথা ওই এলাকার অনন্ত ক্যাজুয়াল কারখানার নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কারখানা ছুটি হলে ওই নিরাপত্তাকর্মী কারখানার শ্রমিকদের রাস্তা পার করছিলেন। এ সময় দ্রুতগতির আজমেরী গ্লোরী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
এদিকে বাসচাপায় শ্রমিক নিহতের খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। একপর্যায়ে শ্রমিকরা আজমেরী পরিবহনের চারটি বাসে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা ফায়ার সার্ভিসের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে তাড়িয়ে দেন। পরে রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের আগুন নেভান। এরমধ্যে বাস চারটি আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে রাত ১০টার দিকে মহাসড়কে যানচলাচল শুরু হয়। তবে মহাসড়ক অবরোধ থাকায় মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়।
গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, রাস্তা পারাপারের সময় এক নিরাপত্তাকর্মী দুর্ঘটনায় নিহত হয়। এ ঘটনায় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে চারটি বাসে আগুন ধরিয়ে দেন। রাত ১০টার দিকে সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।