ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভারতে পালানোর পথে চট্টগ্রামের পুরোহিত আশীষ আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩১, ২৮ নভেম্বর ২০২৪
ভারতে পালানোর পথে চট্টগ্রামের পুরোহিত আশীষ আটক
আটককৃত আশীষ পুরোহিত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর পথে চট্টগ্রামের আশীষ পুরোহিত (৬৫) নামে একজনকে আটক করেছে স্থানীয়রা। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আশীষ পুরোহিতের কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এবং ভারতীয় আধার কার্ড পাওয়া যায়। তিনি দ্বৈত নাগরিক বলে বিজিবি জানায়।  

আশীষ চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের মৃত নির্মল চন্দ্র পুরোহিতের ছেলে। আটকের সময় তার মোবাইলে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সঙ্গে একাধিক ছবি পাওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা।

Advertisement

করেরহাট ইউনিয়নের অলিনগর বিওপির ২২০১/৬ নম্বর পিলারের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন অলিনগর বিজিবি ক্যাম্পের কমান্ডার (নায়েব সুবেদার) খুরশিদ আলম।

বিজিবি-৪ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, আশীষ পুরোহিত অলিনগর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার সময় স্থানীয়দের সন্দেহ হলে আটক করে আমাদেরকে খবর দেয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ভারতীয় আধার কার্ডের একটি স্ক্যান কপি, বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র ও মোবাইল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চিকিৎসার জন্য অবৈধভাবে ভারত যাচ্ছিলেন বলে সে জানায়। দ্বৈত নাগরিকত্বের বিষয়ে খতিয়ে দেখার জন্য এবং অবৈধ পারাপারের দায়ে তাকে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

জোরারগঞ্জ থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, সীমান্তের অলিনগর থেকে আশীষ পুরোহিতকে আটক করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তার কাছে বাংলাদেশের এনআইডি ও ভারতের আধার কার্ড পাওয়া গেছে। এ  বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!