ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বধূ সাজার আগেই ডেঙ্গু কেড়ে নিল তামান্নার জীবন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৩, ২২ নভেম্বর ২০২৪
বধূ সাজার আগেই ডেঙ্গু কেড়ে নিল তামান্নার জীবন
ছবিতে ইসরাত জাহান তামান্না

ইসরাত জাহান তামান্না। বয়স ২৩। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিয়ে হওয়ার কথা তার। ছেলে মোহাম্মদ সাহেদ থাকেন প্রবাসে। বিয়ে অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছিল কমিউনিটি সেন্টারও। বাড়িতে চলছিল উৎসবের আমেজ। তবে সব আনন্দ-উচ্ছ্বাস ম্লান করে দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ডেঙ্গু কেড়ে নিয়েছে তামান্নার জীবন। বুধবার (২০ নভেম্বর) রাতে মারা যান তিনি। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট এলাকায়। মৃত তামান্না ওই এলাকার মো. দিদারুল আলমের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, ইসরাত জাহান তামান্নার (২৩) সঙ্গে পারিবারিকভাবে নগরীর বলিরহাট এলাকার আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ সাহেদের সঙ্গে বিয়ের দিন ঠিক হয়। বিয়ের অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছে কমিউনিটি সেন্টারও। কিন্তু কিছুদিন আগে হঠাৎ তানিয়ার গায়ে জ্বর দেখা দেয়। দিনদিন তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকলে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। পরে তাকে নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করানো হয়। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে সেখান থেকে অন্য একটি বেসরকারি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে দুদিন আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি।

তামান্নার মামা শাহেদ মিয়া বলেন, মনকে বোঝাতে পারছি না। ভাগনিকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। যে ছেলের সঙ্গে আমার ভাগনির বিয়ে ঠিক হয়েছে সে ওমানে থাকে। বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে ছেলে দেশে এসেছে। কিন্তু দুঃখের বিষয় ভাগনি পৃথিবীতে আর নেই। যেখানে আমার ভাগনি লাল শাড়ি পরে বধূ সেজে বরের বাড়িতে যেত, আজ তার নিথর দেহ পড়ে আছে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!