ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতালের মালিক গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৯, ১৮ নভেম্বর ২০২৪
ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতালের মালিক গ্রেফতার
গ্রেফতারকৃত মুজিবুর রহমান -ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ভুয়া চিকিৎসকের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় নিউ পপুলার হাসপাতালের মালিক মুজিবুর রহমানকে (৫৫) গ্রেফতার করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) রাতে ধামরাই থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতারকৃত মুজিবুর রহমান আশুলিয়ার নাল্লাপোল্লা এলাকার মৃত ইসমাইল মিয়ার ছেলে।

সোমবার দুপুরে র‍্যাব-৪ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গত ৬ অক্টোবর সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলেজপাড়া এলাকার নিউ পপুলার হাসপাতালে পারভীন বেগম নামে এক প্রসূতির সিজার করার সময় ভুল চিকিৎসায় মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ও নিহতের স্বজনেরা প্রসূতির সিজার করা চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করেন। এসময় ওই চিকিৎসক স্বীকার করেন, তিনি কোনো চিকিৎসক নন। এইচএসসি পাস করে তিনি দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে অন্তত হাজারখানেক সিজার করেছেন।

Advertisement

এ ঘটনায় নিহতের স্বজন বাদী হয়ে ওই ভুয়া চিকিৎসক ও হাসপাতাল মালিকের নামে মামলা দায়ের করলে হাসপাতালের মালিক মুজিবুর রহমান গা ঢাকা দেন। পরবর্তীতে রোববার রাতে ধামরাই থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!