ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
মন্দিরে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩১, ৯ নভেম্বর ২০২৪
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ
সনাতন ধর্মাবলম্বীদের চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের চরজোতপ্রতাপ ঠাকুরানি দুর্গামাতা মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ নভেম্বর) রাতে এরই প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় আটকা পড়ে স্থলবন্দরের পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন।

অবরোধকারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিনদিন ধরে রাতে মন্দিরে ইটপাটকেল ছুড়ছে দুর্বৃত্তরা। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েও কোনো ফল পাননি। শুক্রবার রাতে একইভাবে মন্দিরের মূল ফটকে ইট ছোড়া হয়। এতে বিক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা লাঠিসোঁটা নিয়ে সড়কে নামেন। সড়কে বাঁশ ও ইট ফেলে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। অবরোধের কারণে সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চরজোতপ্রতাপ ঠাকুরানি দুর্গামাতা মন্দিরের সাধারণ সম্পাদক অজিত কুমার দাস জানান, হিন্দুদের উত্ত্যক্ত করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে মন্দিরে ইটপাটকেল ছুড়ছে। দোষীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া না হলে আবারো সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Advertisement

সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন তানভীর হাসান বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা ২৪ ঘণ্টার যে আল্টিমেটাম দিয়েছেন, তার আগেই দোষীদের ধরা হবে। ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে সে জন্যই সেনাবাহিনী সর্বাত্মক সচেষ্ট থাকবে। তিনি আরো বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে এবং দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম জাকারিয়া। 

তিনি বলেন, গতকাল রাতেই ঘটনাস্থলের আশপাশের সবগুলো সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপকারীকে অচিরেই আইনের আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, স্থানীয় মন্দিরগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি পুলিশের টহল জোরদার করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!