ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩২, ৯ নভেম্বর ২০২৪
লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
নিহতের স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে হিরালাল দেবনাথ নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে সদর উপজেলার কাজিরদীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হিরালাল দেবনাথ সদর উপজেলার উত্তর হামছাদীর কাজিরদিঘীরপাড় এলাকার প্রপুল্ল কুমার দেবনাথের ছেলে।

বাজারের ব্যবসায়ীরা বলেন, হিরালাল দেবনাথের কাজিরদিঘীরপাড় বাজারে মাতৃশিল্পালয় নামে একটি জুয়েলারির ব্যবসা-প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন তিনি। প্রতিদিনের মতো শুক্রবার রাত ৯টার দিকে হিরলাল দেবনাথ ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে ছেলেকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। বাড়ির পাশে মোটরসাইকেল থেকে তাকে নামিয়ে দিয়ে সামনের দিকে চলে যান ছেলে। এ সময় ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা হিরালালকে গতিরোধ করে বুকে দুটি ছুরিকাঘাত করে। এতে মাটিতে লুটিয়ে পড়েন হিরালাল। পরে তার চিৎকারে ছেলে প্রীতম দেবনাথ এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে সদর হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

নিহতের ছেলে প্রীতম দেবনাথ বলেন, বাজারের প্রতিবেশী কাপড়ের দোকানের ব্যবসায়ী যতন দেবনাথ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

তিনি আরো বলেন, তাদের দোকানের সামনে প্রায়ই পার্শ্ববর্তী ব্যবসায়ী যতন দেবনাথরা কাপড় ঝুলিয়ে রাখে। এতে দোকানের সামনে অন্ধকার থাকে। এ নিয়ে প্রায় কথা কাটাকাটি হয়। এর জেরে রাতের অন্ধকারে তার বাবাকে ছুরিকাঘাত হত্যা করে যতন দেবনাথ ও তার সহযোগীরা। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তিনি। এদিকে ঘটনার পর থেকে যতন দেবনাথ পলাতক রয়েছেন।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কমলাশীষ বলেন, হাসপাতালে আনার আগেই হিরালাল দেবনাথের মৃত্যু হয়েছে। তার বুকে দুটি ছুরিকাঘাতের ক্ষত রয়েছে।

সদর থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, পারিবারিক নাকি ব্যবসায়িক দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড, সেই বিষয়ে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে কাজ করছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!