ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিডনি রোগীদের জন্য সুখবর দিলেন মেয়র শাহাদাত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৪, ৬ নভেম্বর ২০২৪
কিডনি রোগীদের জন্য সুখবর দিলেন মেয়র শাহাদাত
ছবি: ডেইলি বাংলাদেশ

কিডনি রোগীদের জন্য সুখবর দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র ডা. শাহাদাত হোসেন। নগরে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেন্টার এবং ডেঙ্গু ম্যানেজমেন্ট সেন্টার চালুর কথা জানিয়েছেন তিনি।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে চসিকের মেমন হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান মেয়র শাহাদাত।

তিনি বলেন, এখন ডেঙ্গুর ক্রাইসিস চলছে। আমাদের বিশেষায়িত মেমন হাসপাতালকে ডেঙ্গু ম্যানেজমেন্ট সেন্টার হিসেবে ঘোষণা করতে চাই। এজন্য দেখতে এসেছি। এখানে নতুনভাবে কিছু টেস্ট যুক্ত করবো। প্যাথলজিস্ট আছে, তাদের এখানে নিয়োগ দেব।

Advertisement

মেয়র বলেন, চট্টগ্রামে আমি দায়িত্ব নিয়েছি; ডেঙ্গু প্রতিরোধে যে গণসচেতনতা, তা সৃষ্টির জন্য রোববার থেকে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে যাব। তার আগে হাসপাতাল দেখতে এসেছি, যে রোগী পাঠাবো তারা সেবা পাচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য। এ হাসপাতালগুলো ঐতিহ্যবাহী। এখানে প্রসূতি ও নবজাতকের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। আমরা সেবার মান আরো উন্নত করবো।

সিটি কর্পোরেশনের উদ্যোগে বড় পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, চট্টগ্রামে এখন কিডনি রোগী এত বেশি, তারা কষ্ট পাচ্ছেন। চট্টগ্রাম মেডিকেলে এত বেশি রোগী, অনেকে সুযোগ পাচ্ছেন না। তাই সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার করতে চাই। যেখানে স্বল্প খরচে ডায়ালাইসিস করাতে পারবে।  

এছাড়া বার্ন, ট্রমা, নিউরোসার্জারি হাসপাতালসহ বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার ইচ্ছার কথাও জানান মেয়র।

তিনি বলেন, গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি আমার মূল ইশতেহার ছিল। আমি এগুলো বাস্তবায়ন করবো।

এর আগে, গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে চসিক মেয়রের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!