বুধবার (৬ নভেম্বর) থেকে মালিকপক্ষ ফ্যাক্টরির নিরাপত্তার স্বার্থে শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে ৫ নভেম্বর কারখানার মূল ফটকের সামনে একটি নোটিশ সাটানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রম আইন এবং সরকারি সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক কিছু দাবির ভিত্তিতে শ্রমিকরা ধর্মঘট শুরু করেন। যা কারখানার স্বাভাবিক কার্যক্রম এবং সুরক্ষা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। পরিস্থিতির অবনতির কারণে শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
.png)
এবিএম ফ্যাশনের নির্বাহী পরিচালক বদিউস সালাম কর্তৃক স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরবর্তীতে কারখানা পরিচালনার উপযোগী পরিবেশ তৈরি হলে পুনরায় কারখানা খোলার বিষয়ে ঘোষণা প্রদান করা হবে।
কারখানা বন্ধ ঘোষণার পরপরই শ্রমিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ বেতন-বোনাসসহ অন্যান্য সুযোগ-সুবিধা আদায়ের জন্য ধর্মঘট অব্যাহত রাখার পক্ষে মত প্রকাশ করেন। অন্যদিকে অনেকেই দ্রুত কারখানা পুনরায় চালুর দাবি জানিয়েছেন। শ্রমিকদের দাবি-দাওয়া ও কারখানা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমঝোতার উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।