ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরে ঢুকে স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, আহত ১ নারী

নরসিংদী (মনোহরদী) প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩০, ৪ নভেম্বর ২০২৪
ঘরে ঢুকে স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, আহত ১ নারী
ফাইল ফটো

নরসিংদীর মনোহরদীতে ঘরে ঢুকে আনিকা (১৫) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছেন নিহতের খালা পাপিয়া আক্তার (৪৫)।

সোমবার বিকেল পৌণে ৪টার দিকে মনোহরদী পৌর এলাকার চন্দনবাড়ি গ্রামের মনোহরদী সরকারি কলেজ এর পেছনে নারান্দী গ্রামের মৃত সাত্তার মাস্টারের বাড়িতে হতাহতের ঘটনাটি ঘটে।

নিহত আনিকা (১৫), নরসিংদীর বেলাব উপজেলার পশ্চিম পোড়াদিয়া এলাকার শাহাজাদা নূরে আলমের মেয়ে। আহত পাপিয়া ঐ বাড়ির মৃত সাত্তার মাস্টারের স্ত্রী ও নিহতের খালা।

Advertisement

নিহতের পরিবারের দাবি, নিহত আনিকার খালাতো বোন অর্পাকে বিয়ে করার জন্য সৌদি প্রবাসী শাহরিয়ার শাজাহান (ফারদিন) প্রস্তাব দিলে তার পরিবার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অর্পাকে খুন করতে বাসায় আসেন। অর্পাকে না পেয়ে তার মাকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে কুপাতে থাকলে আনিকা বাঁধা দিলে তাকে উপর্যুপরি কোপাতে থাকে।

হতাহতের ঘটনায় স্বজনদের বরাতে পুলিশ জানায়, বিকেলে দুর্বৃত্তরা বাড়িটির ঘরে ঢুকে গৃহবধূ পাপিয়া আক্তার ও তার বাড়িতে থেকে পড়াশোনা করা দশম শ্রেণির শিক্ষার্থী কিশোরী ভাগ্নী আনিকাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আনিকার মৃত্যু হয়। এসময় আহতের ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহতাবস্থায় প্রথমে মনোহরদী হাসপাতালে ও সেখান হতে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। এসময় সেখান থেকে রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুয়েল হোসেন বলেন, ঠিক কী কারণে কে বা কারা এ হতাহতের ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক তা জানতে পারেনি। তবে পরিবারের দাবি অনুযায়ী ঘাতককে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায়  নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!