ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মালয়েশিয়ায় পাচারকালে ১২ রোহিঙ্গা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৭, ৪ নভেম্বর ২০২৪
মালয়েশিয়ায় পাচারকালে ১২ রোহিঙ্গা উদ্ধার
উদ্ধারকৃত ১২ রোহিঙ্গা -ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ ১২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় পাচারকাজে জড়িত চারজনকে আটক করা হয়।

সোমবার (৪ নভেম্বর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের লম্বরী সাকিনস্থ পর্যটন বাজারে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার মো. কাশেমের ছেলে নুরুল আমিন (২৫), একই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে নুরুল আফসার (১৯), হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার আবু তাহেরের ছেলে মিনহাজ উদ্দিন (২০) ও নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার রফিক সরকারের ছেলে মো. আল আমিন (২৪)।

Advertisement

টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, সোমবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী সাকিনস্থ পর্যটন বাজার থেকে ৫০০ গজ দূরে ফয়সালের সুপারি বাগানের ভেতর সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বেশ কিছু লোকজনকে জড়ো করা হয়েছে- এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে তারা। এসময় ধাওয়া দিয়ে চারজনকে আটক করতে সক্ষম হয়। পরে ফয়সালের সুপারি বাগানে তল্লাশি চালিয়ে ৩ নারী ও ৯ শিশুকে উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, উদ্ধারকৃত ভুক্তভোগীদের রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনায় সম্পৃক্তদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: টেকনাফ
লিংক সফলভাবে কপি হয়েছে!