ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বেনাপোল এক্সপ্রেসে মিলল ১১ কোটি টাকার এলএসডি

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৯, ৪ নভেম্বর ২০২৪
বেনাপোল এক্সপ্রেসে মিলল ১১ কোটি টাকার এলএসডি
কুষ্টিয়ার পোড়াদহ রেলস্টেশন। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার পোড়াদহ রেলস্টেশনে বেনাপোল এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে প্রায় ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় এলএসডি (মাদক) উদ্ধার করেছে বিজিবি।

রোববার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে যাত্রীবাহী ট্রেনে এই অভিযান পরিচালনা করেন বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের সদস্যরা। 

বিজিবি সূত্র জানায়, রোববার বিকেলে গোয়েন্দা তথ্যে ভিত্তিতে তারা জানতে পারেন বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসে এলএসডির একটি বড় চালান যাবে। ওই তথ্যের ভিত্তিতে বিজিবি কুষ্টিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমানের নির্দেশে একটি টিম আগে থেকে অবস্থান নেয় পোড়াদহ রেলস্টেশনে। ট্রেনটি যথাসময়ে স্টেশনে পৌঁছালে বিজিবির সদস্যরা ট্রেনের কামরায় তল্লাশি চালায়। এ সময় ৫০ এমএলের ২১ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এলএসডির বাজার মূল্য ১০ কোটি ৯৩ লাখ ১৪ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পোড়াদহ জিআরপি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। 

বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়। এতে প্রায় ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়েছে। এর আগেও কয়েক দফা এলএসডি উদ্ধার করা হয়। তবে মাদকের পাশাপাশি কুষ্টিয়া বিজিবি সীমান্ত নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এরই মধ্যে কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে। অপরাধ দমনেও কার্যকর ভূমিকা রেখে চলেছে বিজিবি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!