রোববার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষামূলকভাবে কাজির হাটের উদ্দেশ্যে রওনা হয় ফেরি ধানসিঁড়ি।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, ২০০১ সালে পাটুরিয়ায় ফেরিঘাট স্থানান্তর করা হলে স্থবির হয়ে পড়ে আরিচা ফেরি ঘাটটি। দীর্ঘ দুই দশক পর ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি পুনরায় চালু হয় আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল। ১৪ কিলোমিটার এই নৌপথের আরিচা চ্যানেলে ডুবো চরের কারণে শুক্রবার রাত ১০টায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই ঘাট প্রান্তে আটকা পড়ে ৬ শতাধিক পণ্যবাহী ট্রাক। ঘাট এলাকায় দীর্ঘ সময় অপেক্ষা থাকায় বিপাকে পড়তে হয় যানবাহন চালক ও সহযোগীদের।
.png)
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ম্যানেজার আবু আব্দুল্লাহ জানান, শুক্রবার রাত ১০টার দিকে আরিচা চ্যানেলে ডুবো চরের কারণে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হয়। তারপর থেকে সেখানে ড্রেজিং কার্যক্রম চালায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তারা কাজ শেষে ফেরি চলাচলের অনুমতি দেওয়ার পর পরীক্ষামূলকভাবে কাজির হাটের উদ্দেশ্যে রওনা হয় ফেরি ধানসিঁড়ি। সিরিয়াল অনুযায়ী ট্রাকগুলো পারাপার করা হবে। আরিচা-কাজিরহাট নৌপথে ছোট বড় মোট চারটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।