শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর মরকুন টিঅ্যান্ডটি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আমিন নরসিংদী জেলা সদর থানার নবীপুর গ্রামের রুস্তম আলীর ছেলে। থাকতেন টঙ্গীর টিঅ্যান্ডটি এলাকায়। আহত দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
.png)
স্থানীয় বাসিন্দারা বলেন, টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনির পাশেই বিটিসিএলের একটি গুদাম রয়েছে। গত কয়েক মাস ধরে ওই গুদামে থাকা মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিটিসিএলের গুদামের পাশে কয়েকজনকে দেখা যায়। কিছুক্ষণ পর গুদামের একতলা ভবনের ছাদ ধসে পড়ে। এর নিচে চাপা পড়েন আমিন। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ধসে পড়া গুদামের দায়িত্বে থাকা আবুল কালাম বলেন, ধসে যাওয়া একতলা ভবনটি পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ। গত কয়েকদিন ধরে কয়েক দফায় গুদামে লুটের ঘটনা ঘটে। শনিবার রাতে কয়েকজনকে ওই গুদামের আশপাশে দেখা গেছে। তারা গুদামটির কংক্রিটের ছাদ ভেঙে রড ও গুদামের মালামাল লুট করতে এসেছিল। ছাদ ধসে পড়লে চাপা পড়ে একজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজিদুল কবির জোয়ারদার বলেন, ভবনের ছাদ ধসে পড়ার খবর পেয়ে দুটি ইউনিটের উদ্ধারকারী দল উদ্ধারকাজ শুরু করে। এ সময় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমদ বলেন, ভবনের ছাদ ধসে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।