লক্ষ্মীপুরে মজু চৌধুরীর হাট ফেরিঘাটের ব্যবস্থাপনা পরিচালক (বাণিজ্য) ফারভেজ খান জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। মেঘনায় এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ফেরি বন্ধ থাকার কারণে ঘাটের দুই পাড়ে আটকা পড়েছে কয়েকশ’ পণ্যবাহী ট্রাক। দুয়েক দিনের মধ্যে সব পণ্যবাহী ট্রাক পারাপার হবে বলে আশা করেন তিনি।
একই কথা জানান ভোলার ইলিশা ফেরিঘাটের ম্যানেজার মো. কাউছার।
.png)
এদিকে, বুধবার বিকেল থেকে বৈরী আবহাওয়ার কারণে এ নৌরুটে ফেরি লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিইটিএ। ফলে ভয়াবহ দুর্ভোগে পড়তে হয় এ নৌরুটে চলাচলকারী যাত্রীদের। তবে সকাল থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ায় দুর্ভোগ কমেছে।
জানা গেছে, মেঘনা নদী হয়ে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুট দিয়ে চট্টগ্রাম, ফেনী, সিলেটসহ দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে সহজ যোগাযোগের একমাত্র মাধ্যম এ নৌরুট। ঈদ-পূজাসহ সরকারি ছুটিতে এ রুটে যাত্রীদের ভিড় থাকে। এছাড়া প্রতিদিন লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে ফেরি ও লঞ্চে প্রায় কয়েক শ’ পণ্যবাহী গাড়ি ও হাজার হাজার মানুষ যাতায়াত করে।
লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে পাঁচটি ফেরি ও বরিশাল রুটে ১১টি লঞ্চ চলাচল করছে। এর মধ্যে দুটি লঞ্চ বরিশাল রুটের। বাকি নয়টি ভোলা রুটের।